প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
পদ্মায় দুই অভিযানে ৫০ হাজার ৫৫০ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫
ছবি: ভিডিও থেকে নেওয়া
টারমিগান অনলাইন রিপোর্ট
মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদীতে নৌ পুলিশের পৃথক দুই অভিযানে ৫০ হাজার ৫৫০ মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় পাঁচজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুজনকে ১৮ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রোববার (১১ অক্টোবর) রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত পদ্মা নদীর মেঘুলা ও নালিশা এলাকায় কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ও সদস্যরা দোহার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে নদী থেকে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও চারটি নৌকাসহ চারজনকে আটক করা হয়। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা। আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। অপর দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। এ অভিযানে জব্দ করা চারটি নৌকা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। উদ্ধার করা অবৈধ কারেন্ট জাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নদীর পাড়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এদিকে, নৌ পুলিশের পৃথক আরেকটি অভিযানে ৫৫০ মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি নৌকাসহ আরও একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দুই অভিযানে মোট ৫০ হাজার ৫৫০ মিটার অবৈধ কারেন্ট জাল, পাঁচটি নৌকা জব্দ এবং পাঁচজনকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ সেলিম। নির্বাহী সম্পাদক: এমএ হালিম