উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের বিরুদ্ধে দলের ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, জনসম্পৃক্ততার ঘাটতি ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সজল। নিজের ফেসবুক পোস্টে তিনি সংসদ সদস্যের কাছে নির্বাচনী এলাকার মানুষের জন্য নেওয়া পরিকল্পনা, প্রতিশ্রুতি ও কর্মকাণ্ডের হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন। পোস্টে মাহমুদুল হাসান সজল অভিযোগ করেন, দলের দুঃসময়ে নির্যাতন-নিপীড়ন সহ্য করে যেসব নেতা-কর্মী সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন, তাঁদের অবদানেই আব্দুস সালাম আজাদ সংসদ সদস্য হওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু সংসদ সদস্য হওয়ার পর সেই ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বলে তিনি দাবি করেন। তিনি লেখেন, নেতা-কর্মীরাই নেতৃত্বকে প্রতিষ্ঠিত করেন। তাই ক্ষমতায় যাওয়ার পর তাঁদের অবহেলা করা হলে তা দলের সাংগঠনিক শক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাঁর মতে, রাজনৈতিক সুসময় সব সময় থাকে না; দুঃসময়ে ত্যাগী কর্মীদের ভূমিকাই আবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংসদ সদস্যের জনসম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তোলেন এই ছাত্রদল নেতা। তাঁর দাবি, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ, মাঠপর্যায়ে উপস্থিতি এবং জনসমস্যা নিয়ে দৃশ্যমান কার্যক্রমের ঘাটতি রয়েছে। জনগণের কাছে নিজের অবস্থান ও কাজের অগ্রগতি স্পষ্ট করার আহ্বান জানান তিনি। পোস্টে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের মাঠপর্যায়ের কার্যক্রম ও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের উদাহরণ টেনে আব্দুস সালাম আজাদকে তা অনুসরণ করার পরামর্শও দেন সজল। তিনি বলেন, সংসদ সদস্যের দায়িত্ব শুধু সংসদে প্রতিনিধিত্ব করা নয়; নির্বাচনী এলাকার মানুষের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া এবং নিজের কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করাও তাঁর দায়িত্ব। মুন্সীগঞ্জ-২ আসনের মানুষের জন্য সংসদ সদস্যের পরিকল্পনা কী এবং তাঁদের জন্য তিনি কী করতে চান, তা প্রকাশ্যে জানানোর দাবি তোলেন তিনি। এ ছাড়া তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারের বিষয়টিও পোস্টে তুলে ধরেন সজল। তাঁর মতে, জনগণের সঙ্গে কার্যকর যোগাযোগ গড়ে তুলতে ব্যর্থ হলে ভবিষ্যতে রাজনৈতিকভাবে তার প্রভাব পড়তে পারে। পোস্টের শেষাংশে আব্দুস সালাম আজাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কঠোর মন্তব্য করেন এই ছাত্রদল নেতা। তিনি সতর্ক করে বলেন, দলের ত্যাগী কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হলে ভবিষ্যতে তার মাশুল দিতে হতে পারে। তবে ফেসবুক পোস্টে উত্থাপিত অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা যায়নি। এ বিষয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।