উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অর্থনীতি ও মানবসম্পদে তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও বাসযোগ্য শহর হিসেবে পিছিয়ে পড়ছে ঢাকা। অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক হাজার শহরের মধ্যে ঢাকার অবস্থান ৫১৫তম। গত বছরের তুলনায় ৩৩ ধাপ পিছিয়ে সেরা ৫০০ শহরের তালিকা থেকেও বাদ পড়েছে বাংলাদেশের রাজধানী। পরিবেশ, নাগরিক সেবা ও সুশাসনের ঘাটতি নগরজীবনের মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। যুক্তরাজ্যভিত্তিক অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনমিকসের এ সূচকে বিশ্বের ১৬৩টি দেশের এক হাজার শহরকে পাঁচটি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। সূচকগুলো হলো অর্থনীতি, মানবসম্পদ, জীবনযাত্রার মান, পরিবেশ ও শাসনব্যবস্থা। অর্থনৈতিক প্রবৃদ্ধি কিংবা বড় অবকাঠামো নির্মাণের পাশাপাশি একটি শহরের সামগ্রিক বাসযোগ্যতা নির্ধারণে এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। সূচক অনুযায়ী, অর্থনীতিতে বাংলাদেশের শহরগুলোর মধ্যে এগিয়ে ঢাকা। এ ক্ষেত্রে বিশ্বে শহরটির অবস্থান ২৮৬তম। জিডিপির আকার ও প্রবৃদ্ধি, মাথাপিছু জিডিপি, কর্মসংস্থান বৃদ্ধি, অর্থনৈতিক বৈচিত্র্য এবং জনসংখ্যা বৃদ্ধির মতো বিষয় এ মূল্যায়নে বিবেচনা করা হয়েছে। মানবসম্পদ সূচকেও ঢাকা তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। এ সূচকে শহরটির অবস্থান ১৭৮তম। শিক্ষা, ব্যবসার পরিবেশ ও জনমিতিক প্রবণতার ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়। কিন্তু অর্থনীতি ও মানবসম্পদে এই অবস্থান সামগ্রিক র্যাঙ্কিংয়ে ধরে রাখতে পারেনি ঢাকা। পরিবেশ ও নাগরিক জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ শহরটির বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
অক্সফোর্ড ইকোনমিকসের সূচকে পরিবেশগত অবস্থানের দিক থেকে ঢাকার পরিস্থিতি দুর্বল। এ সূচকে বিশ্বে শহরটির অবস্থান ৯৩০তম। বায়ুদূষণ, জলবায়ু ঝুঁকি ও পরিবেশগত চাপ নগরজীবনের মানকে প্রভাবিত করছে। একই সঙ্গে অপর্যাপ্ত নাগরিক সুবিধা, ঘনবসতি ও পরিকল্পিত আবাসনের অভাব শহরের সমস্যাকে আরও জটিল করে তুলছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মো. মহিনুজ্জামান বলেছেন, ঢাকা ও চট্টগ্রামের মতো শহরে একই সঙ্গে জলাবদ্ধতা ও পানির সংকট দেখা যায়। বৃষ্টির সময় সড়ক পানিতে ডুবে গেলেও বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় পানির সংকট থাকে। তাঁর মতে, এ চিত্র শহরগুলোর পরিবেশগত ঝুঁকির মাত্রা তুলে ধরে।
ঢাকার ওপর বাড়তি চাপের অন্যতম কারণ অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রীভবন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আখতার মাহমুদের মতে, দেশের জিডিপির প্রায় ৬০ শতাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড ঢাকা-কেন্দ্রিক। নদীভাঙন, প্রাকৃতিক দুর্যোগ, গ্রামীণ দারিদ্র্য ও বেকারত্বের কারণে বিপুলসংখ্যক মানুষ কাজের সন্ধানে রাজধানীতে আসছেন। তাঁদের একটি বড় অংশ বস্তি কিংবা ভাসমান এলাকায় বসবাস করছেন। এতে আবাসন, পরিবহন, পানি, পয়োনিষ্কাশন ও অন্যান্য নাগরিক সেবার ওপর চাপ বাড়ছে। নগরায়ণের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব সেবা সম্প্রসারণ করা না গেলে শহরের জীবনমান উন্নত করা কঠিন হবে। অধ্যাপক আখতার মাহমুদ মনে করেন, রাজধানীর ওপর চাপ কমাতে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকেন্দ্রীকরণ জরুরি। জেলা, উপজেলা ও পৌরসভায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করা গেলে কাজের সন্ধানে মানুষের ঢাকামুখী প্রবণতা কমতে পারে।
নগর পরিকল্পনাবিদদের মতে, নতুন সড়ক, সেতু কিংবা অন্যান্য অবকাঠামো নির্মাণ করলেই বাসযোগ্য শহর গড়ে ওঠে না। বিদ্যমান অবকাঠামোর কার্যকর ব্যবস্থাপনা, পরিকল্পিত ভূমি ব্যবহার, মানসম্মত গণপরিবহন, দূষণ নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবা নিশ্চিত করাও জরুরি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম মনে করেন, উন্নয়নকালে বিশ্বের অনেক শহরই পরিবেশগত সমস্যার মধ্য দিয়ে গেছে। তাঁর মতে, উন্নয়নকাজ শেষ হওয়ার পর দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব। পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে ডিটেইল্ড এরিয়া প্ল্যানের (ড্যাপ) সুপারিশ বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, ঢাকার বাসযোগ্যতা বাড়াতে বায়ু ও পানিদূষণ নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, সবুজ এলাকা সংরক্ষণ, আবাসন সংকট মোকাবিলা এবং নাগরিক সেবার মান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। পাশাপাশি রাজধানীকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকল্প কেন্দ্র গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।
অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের সূচকে বাংলাদেশের আটটি শহরের কোনোটিই বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই। ঢাকার অবস্থান ৫১৫তম। রাজশাহী ৬৬ ধাপ পিছিয়ে ৭৭৯তম, চট্টগ্রাম ১৪ ধাপ পিছিয়ে ৭৬৩তম এবং বগুড়া ৩২ ধাপ পিছিয়ে ৯২৬তম হয়েছে। খুলনা রয়েছে ৮১১তম, সিলেট ৮৩৪তম ও ময়মনসিংহ ৮৯৫তম অবস্থানে। কুমিল্লার অবস্থান ৮৮৩তম। পরিবেশ সূচকে সিলেট দেশের শহরগুলোর মধ্যে এগিয়ে থাকলেও বৈশ্বিক অবস্থান ৭৩৫তম। অন্যদিকে খুলনা রয়েছে ৯৭৪তম স্থানে। এসব তথ্য দেশের নগর উন্নয়নে পরিবেশ ব্যবস্থাপনা ও নাগরিক সেবার ঘাটতির বিষয়টি সামনে এনেছে। বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের সুফল মানুষের দৈনন্দিন জীবনে প্রতিফলিত না হলে একটি শহরকে প্রকৃত অর্থে বাসযোগ্য বলা যায় না। ঢাকার অর্থনীতি ও মানবসম্পদে তুলনামূলক ভালো অবস্থানের বিপরীতে সামগ্রিক র্যাঙ্কিংয়ের অবনতি তাই নগর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ ও সুশাসনের কার্যকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে।