উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরোপুরি প্রস্তুত নয়—এমন পর্যবেক্ষণ তুলে ধরে স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে সংসদীয় কমিটি। বাহিনীকে প্রস্তুতির জন্য সময় দিয়ে নির্বাচনের তফশিল ঘোষণার সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি তদন্ত এবং জনস্বার্থবিরোধী প্রকল্প বাদ দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কে এম সেলিম রেজা হাবিব। বৈঠক শেষে কমিটির সভাপতি জানান, সরকারি ও বিরোধী দলের সদস্যরা দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা করেছেন। তবে জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন বেশি জটিল ও ঝুঁকিপূর্ণ হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত প্রস্তুতি প্রয়োজন। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত স্বার্থ ও প্রভাব বিস্তারের চেষ্টা বেশি থাকে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ডের সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের কর্মী-সমর্থকদের উপস্থিতি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি তৎপরতা প্রয়োজন। কমিটির সভাপতি আশা প্রকাশ করেন, প্রস্তুতির জন্য সময় দেওয়া হলেও আগামী বছরের শুরুর দিকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পের তথ্য উপস্থাপন করা হয়। এ সময় কয়েকজন সদস্য অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির উদ্দেশ্যে অনেক অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছিল। এসব প্রকল্প চিহ্নিত করে অনিয়ম ও দুর্নীতির তদন্তের জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে বলেন তাঁরা।মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কিছু প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনও (দুদক) কাজ করছে। কমিটির সভাপতি বলেন, বিগত সরকারের সময়ে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে জনস্বার্থে প্রয়োজনীয় ও বাস্তবায়নযোগ্য প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁরা মত দিয়েছেন।
গ্রামীণ সড়ক নির্মাণের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টির বিপরীতে জামানত রাখার সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি নির্মাণকাজের তদারকি জোরদার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। কমিটির সভাপতি জানান, রাস্তাঘাটসহ অবকাঠামো নির্মাণে গুণগত মান নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। এতে নির্মাণকাজে মানের ক্ষেত্রে অনিয়মের সুযোগ কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান তদারকি এবং জনসচেতনতা বাড়ানোর সুপারিশ করা হয়। এ ছাড়া উপজেলা পর্যায়ে অনলাইনভিত্তিক হাজিরা চালু, কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, স্বজনপ্রীতি এড়িয়ে চলা এবং জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। আর্সেনিকপ্রবণ এলাকা চিহ্নিত করে নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে প্রকল্প গ্রহণের সুপারিশও করা হয়েছে।বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান, জসীম উদ্দীন আহমেদ, শেখ ফরিদ আহমেদ, সেলিনা সুলতানা, এ টি এম আজহারুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম খান অংশ নেন।