উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাকিস্তানকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে স্বাগতিকদের ১০৪ রানে আটকে দিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে জুনিয়র টাইগ্রেসরা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। রোববার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে বাংলাদেশ। দলের পক্ষে ২৮ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন সাদিয়া ইসলাম। শিরিনা খাতুন ৪০ বলে ৩২, নিশিতা আক্তার নিশি ২০ বলে ২০ এবং সাদিয়া আক্তার ৭ বলে অপরাজিত ১৪ রান করেন।
জবাবে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। ওপেনার রাভাইল ফারহান ২৬ বলে ৩৬ রান করে লড়াইয়ের আভাস দিলেও অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। আকসা করেন ২৩ রান, রোজিনার ব্যাট থেকে আসে ১৩ রান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানেই থামে পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ফারজানা ইয়াসমিম মেধা, নেন ৩ উইকেট। নিশিতা আক্তার নিশি শিকার করেন ২ উইকেট। আফরিন মিম, অপর্ণা দাস তিথি ও জান্নাতুল ফেরদৌসি নেন একটি করে উইকেট। এই জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে স্বাগতিক পাকিস্তান।