উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বাস্থ্যগত কারণে জার্মানির বার্লিনে ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬-এ অংশগ্রহণ বাতিল করেছেন বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে নির্ধারিত সূচি অনুযায়ী সম্মেলনে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী চিকিৎসক ডা. জুবাইদা রহমান। রোববার (১১ অক্টোবর) বার্লিনে শুরু হয়েছে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন, যা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে দুজন অতিথির ১১ ও ১২ অক্টোবর পৃথক অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা ছিল। যোগাযোগ ও প্রেসবিষয়ক পরিচালক আনা স্টর্মার জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণে ড. ইউনূস সম্মেলনে অংশ নিতে পারছেন না। সিনিয়র কমিউনিকেশন ম্যানেজার ম্যারি অলফও একই তথ্য জানিয়েছেন। সম্মেলনে ড. ইউনূসের গ্রামীণ হেলথটেক লিমিটেড নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল। তাঁর সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। এ বিষয়ে জানতে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদের কাছে বার্তা পাঠানো হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, সম্মেলনের বক্তা তালিকায় রয়েছে ডা. জুবাইদা রহমানের নাম। আয়োজকদের তথ্যে বলা হয়েছে, চিকিৎসক হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। জনস্বাস্থ্য সংস্কার, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর লক্ষ্যেও তিনি কাজ করছেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘সংকট থেকে স্থিতিস্থাপকতা: স্বাস্থ্যের জন্য উদ্ভাবন’। বিশ্ব স্বাস্থ্যব্যবস্থার সংকট, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের নীতিনির্ধারক, বিজ্ঞানী, চিকিৎসা বিশেষজ্ঞ, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
এদিকে, বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ইউরোপের পাঁচটি সংগঠন সম্মেলনে ড. ইউনূসের অংশগ্রহণ পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিন সপ্তাহ আগে তারা আয়োজকদের কাছে স্মারকলিপি ও পিটিশন পাঠায় বলে দাবি করা হয়। সংগঠনগুলো হলো—সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, বেলজিয়াম; ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম, ইউরোপ ও যুক্তরাজ্য; ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন জার্মানি; আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক এবং ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স।পিটিশনকারীদের দাবি, নিয়মিত টিকাদান কর্মসূচিতে বিঘ্ন, টিকার প্রাপ্যতা ও সরবরাহ এবং জরুরি টিকাদান কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ওঠা প্রশ্নগুলো স্বাধীনভাবে পর্যালোচনা করা প্রয়োজন। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এসব বিষয়ে ড. ইউনূসের দায় রয়েছে বলেও দাবি করেন তাঁরা। পিটিশনে তিনটি দাবি জানানো হয়—ড. ইউনূসকে বিশেষ বক্তা হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা, আমন্ত্রণ বহাল থাকলে বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে তাঁকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার আহ্বান এবং ক্ষতিগ্রস্ত পরিবার, শিশু চিকিৎসক ও স্বাধীন জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আলোচনায় অন্তর্ভুক্ত করা।
তবে ড. ইউনূসের সম্মেলনে অংশগ্রহণ বাতিলের সঙ্গে ওই পিটিশনের কোনো সম্পর্ক রয়েছে—এমন তথ্য আয়োজকদের বক্তব্যে উল্লেখ করা হয়নি।