উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে শিক্ষাজীবনের শুরু, ভারত হয়ে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, এরপর প্রযুক্তি পেশা, ব্যবসা ও নাগরিক সেবায় নেতৃত্ব—বহুমুখী এই পথচলার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘জয় পি. অ্যাটকিনসন নেইবারহুড কাউন্সিল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কমিউনিটি নেতা মিকায়েল খান। প্রযুক্তি খাতে সফটওয়্যার প্রকৌশল ও সাইবার নিরাপত্তায় কাজের পাশাপাশি স্থানীয় নাগরিক উন্নয়নেও সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। পাকোইমা নেইবারহুড কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে তিন মেয়াদ দায়িত্ব পালনের পাশাপাশি আবাসন, ভূমি ব্যবহার ও অর্থনৈতিক উন্নয়নসংক্রান্ত কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন মিকায়েল।
মিকায়েল খানের শিক্ষাজীবন শুরু চট্টগ্রামের সেন্ট প্লাসিড স্কুলে। পরে ভারতের দিল্লির শিবা শিবানি পাবলিক স্কুলে পড়াশোনা করেন। এরপর পুনে বিশ্ববিদ্যালয় থেকে বিপণনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে উইচিটা স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার প্রকৌশলেও স্নাতক ডিগ্রি নেন। বিপণন ও কম্পিউটার প্রকৌশলে এই দ্বিমুখী শিক্ষাগত অভিজ্ঞতা তাঁর পেশাগত জীবনে প্রযুক্তি, ব্যবসা ও ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ তৈরি করে।
সফটওয়্যার প্রকৌশল, সাইবার নিরাপত্তা, পরিচয় ও প্রবেশাধিকার ব্যবস্থাপনা, সফটওয়্যার মাননিয়ন্ত্রণ এবং স্বয়ংক্রিয় পরীক্ষণ প্রযুক্তিতে কাজ করেছেন মিকায়েল। ভেনচুরা কাউন্টি জাস্টিস ডিপার্টমেন্ট, বোয়িং, ব্ল্যাকবোর্ড ইনকরপোরেটেড, ইউএসটি ও ওয়েলস ফার্গোর মতো প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। প্রযুক্তি খাতের পাশাপাশি ব্যবসায়ও যুক্ত হয়েছেন তিনি। বর্তমানে ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে মাকো অটো বডি শপের ফ্র্যাঞ্চাইজি মালিক ও সহমালিক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসা পরিচালনা, কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
লস অ্যাঞ্জেলেসের পাকোইমা নেইবারহুড কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে তিন মেয়াদ দায়িত্ব পালনের পাশাপাশি আট বছর ভূমি ব্যবহার, আবাসন ও অর্থনৈতিক উন্নয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন মিকায়েল। এ সময়ে আবাসন, ভূমি ব্যবহার, জননিরাপত্তা, পরিবহন, শিক্ষা, যুব কার্যক্রম ও কমিউনিটি উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কাজ করেছেন তিনি। মিকায়েলের দাবি, কাউন্সিলের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় পাকোইমা লস অ্যাঞ্জেলেসের ৯৯টি নেইবারহুড কাউন্সিলের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।নিজের একক অর্জনের পরিবর্তে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কমিউনিটির মানুষ একটি লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করলে বড় পরিবর্তন সম্ভব।
যুক্তরাষ্ট্রে নাগরিক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনেও যুক্ত রয়েছেন মিকায়েল। তিনি জেসমিন খান ফাউন্ডেশনের পরিচালক, আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের কোষাধ্যক্ষ এবং বাংলা বিজয় বহরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্যাসিফিক কাইট ক্লাবের ঘুড়ি উৎসব আয়োজনেও নেতৃত্ব দিয়েছেন তিনি। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক যোগাযোগ ও কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন মিকায়েল।
‘জয় পি. অ্যাটকিনসন নেইবারহুড কাউন্সিল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পাওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মিকায়েল খান। তিনি বলেন, “মানুষের সেবা করার, সবাইকে একত্র করার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রতিটি সুযোগের জন্য আমি কৃতজ্ঞ।” তাঁর কাছে এই স্বীকৃতি ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দীর্ঘদিনের পথচলায় পাশে থাকা মানুষদের অবদানেরও প্রতিফলন। চট্টগ্রাম থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি পেশা, ব্যবসা ও নাগরিক নেতৃত্বে তাঁর যাত্রা প্রবাসী বাংলাদেশিদের বহুমুখী অবদানের একটি দৃষ্টান্ত।