উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আশঙ্কা প্রকাশ করেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ অচিরেই এক হতে পারে। এমন পরিস্থিতি মোকাবিলায় দলের সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এসব নির্দেশনা দেন বলে সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে। সন্ধ্যা সোয়া ৬টায় শুরু হয়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা সভায় বিএনপির ১৯৪ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সভায় অন্তত ২৫ জন মন্ত্রী ও সংসদ সদস্য বক্তব্য দেন। সভায় তারেক রহমান বলেন, বিএনপি হামলা-মামলা, জেল-জুলুমের রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণের চাহিদা অনুযায়ী ইতিবাচক ও পরিবর্তনশীল রাজনীতি চালিয়ে যেতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সরকারকে নানা বৈরী পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে মব সৃষ্টি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতি মোকাবিলায় সংসদ সদস্যদের প্রস্তুত থাকার পাশাপাশি দখল ও চাঁদাবাজি বন্ধ এবং নারী নির্যাতন প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ দেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সরকার ও দলের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে। তাই এখন থেকেই নিজ নিজ এলাকায় কাজ শুরু করতে হবে। স্থানীয় পর্যায়ে জনপ্রিয় ব্যক্তিদের প্রার্থী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি দলীয় নেতা-কর্মীদের মধ্যকার দূরত্ব কমানোর নির্দেশ দেন। দল-সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাঠপর্যায়ে সংগঠনকে দুর্বল হতে না দেওয়ার নির্দেশনাও দেন।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি এলাকার রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে স্থানীয়ভাবে কর্মসূচি প্রণয়নের তাগিদ দেন বিএনপির চেয়ারম্যান। এ প্রসঙ্গে তিনি গোপালগঞ্জ ও বগুড়ার রাজনৈতিক পরিস্থিতির ভিন্নতার উদাহরণ দেন।আগামী ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থান দিবসের কর্মসূচিও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে পালনের পরামর্শ দেন তিনি। সভায় বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ দলের নেতারা বক্তব্য দেন।