উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ জালসহ আরও ২২টি জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা। রোববার (১১ অক্টোবর) চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীন চাঁদপুর নৌবাহিনী কন্টিনজেন্ট জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়। নৌবাহিনীর তথ্য অনুযায়ী, চাঁদপুরের আনন্দবাজার, দাশাদি খাল, শহর মালি, লালপুর, ৩ নম্বর কয়লা ঘাট, চাঁদপুর মোহনা, গাজীর টেক, মিয়ার বাজার, কানুদি ও আমিরাবাদসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জালগুলো ধ্বংস করা হয়। নৌবাহিনী জানিয়েছে, ইলিশের প্রজননক্ষেত্র ও জাতীয় মৎস্যসম্পদ রক্ষায় বিভিন্ন এলাকায় নিবিড় নজরদারি চলছে। নৌবাহিনীর জাহাজ, কন্টিনজেন্ট ও বোটের মাধ্যমে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ৮ অক্টোবর শুরু হওয়া ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। পাশাপাশি নির্ধারিত সামুদ্রিক মৎস্য আহরণ এলাকাতেও সব প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ইলিশের নির্বিঘ্ন প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করা, অবৈধ মাছ ধরা প্রতিরোধ এবং সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলসম্পদ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌবাহিনী।