উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এলপিজি বাজার মাত্র পাঁচটি কোম্পানির নিয়ন্ত্রণে জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এসব কোম্পানির প্রভাবে স্বেচ্ছাচারীভাবে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। ব্যবসায়ীদের হয়রানি বন্ধ ও দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজি সিলিন্ডারের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি সেলিম খান। সংবাদ সম্মেলনে সেলিম খান বলেন, গ্যাস সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। এসব সমস্যার প্রতিবাদে দুই দিন সারা দেশে সব সিলিন্ডারের দোকান বন্ধ রাখা হবে। ব্যবসায়ীদের দাবিদাওয়া পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সংগঠনের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করেন, মাত্র পাঁচটি কোম্পানির হাতে এলপিজি সিলিন্ডারের বিপণন কার্যক্রম জিম্মি হয়ে পড়েছে। এসব কোম্পানির মাধ্যমে কর্তৃত্ববাদী কায়দায় এলপিজির মূল্য বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে, এলপিজির নির্ধারিত মূল্য ও বাজারদরের ব্যবধান নিয়েও অসন্তোষ রয়েছে ভোক্তাদের মধ্যে। গত ৪ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। একই সঙ্গে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও বাড়ানো হয়। তবে ব্যবসায়ীদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে সব জায়গায় এলপিজি পাওয়া যাচ্ছে না। বাজারে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ব্যবসায়ীদের ঘোষিত কর্মসূচি বাস্তবায়িত হলে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকতে পারে। এতে গৃহস্থালি ও অন্যান্য কাজে এলপিজির ওপর নির্ভরশীল গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।