উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ২৭ মে পঞ্চম ও শেষ ধাপের ভোটের মধ্য দিয়ে নির্বাচনপ্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১৩তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক্-প্রস্তুতিমূলক সভা হয়েছে। প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে ২০২৭ সালের ২৭ মে’র মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে। ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি তারিখই বৃহস্পতিবার। নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, প্রতিটি নির্বাচনের ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসক তফসিল ঘোষণা করবেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর সাত ধাপে ইউপি নির্বাচনের একটি প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল ইসি। তখন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, বিভিন্ন বার্ষিক পরীক্ষা ও ধর্মীয় উৎসব বিবেচনায় ১২ নভেম্বর থেকে নির্বাচন শুরু করে ২০২৭ সালের ২৭ মে’র মধ্যে ভোটগ্রহণ শেষ করার পরিকল্পনা রয়েছে। সে সময় সানাউল্লাহ জানিয়েছিলেন, দেশের মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রায় ৪ হাজার ২৭২টিতে আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। পরবর্তী সময়ে নির্বাচনের সময়সূচি নিয়ে সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয়হীনতার বিষয়টি আলোচনায় আসে। এরপর ইসি জানায়, আগের তারিখগুলো চূড়ান্ত ছিল না। পরে নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন শুরু হয়ে জুনে শেষ হওয়ার কথা জানানো হয়। সর্বশেষ পরিকল্পনায় সাত ধাপের পরিবর্তে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের কথা জানাল ইসি। তবে ভোটের তারিখ ও তফসিলসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করবে।