উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুই সাবেক সেনা কর্মকর্তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে সংশ্লিষ্টতা এবং গোপন হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন। গ্রেপ্তার দুই কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) বিজয় দেবাশীষ নারায়ণ পাল ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা। জুলকারনাইনের দাবি, দীর্ঘ নজরদারির পর একটি বিশেষ গোয়েন্দা সংস্থা তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে পতিত স্বৈরশাসক গোষ্ঠীর পক্ষে অর্থ সংগ্রহ ও গোপন হামলার পরিকল্পনা তৈরির অভিযোগ রয়েছে।
জুলকারনাইন তাঁর পোস্টে দেবাশীষ নারায়ণ পালের অতীত কর্মজীবন ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার বিষয়ে বিভিন্ন অভিযোগ তোলেন। তাঁর দাবি, ২০২২ সালে দেবাশীষকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এ ছাড়া বিজিবিতে নিয়োগসংক্রান্ত একটি চক্রের সঙ্গে তাঁর ও তাঁর বাবার সংশ্লিষ্টতার অভিযোগও তুলে ধরেন তিনি।
পোস্টে আরও দাবি করা হয়, ২০২৪ সালের আগস্টের পরও দেবাশীষ দেশেই অবস্থান করে সাবেক ও কর্মরত কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখতেন। বিজিবির বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক পাওয়ার জেল দেশে আনার ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে বলেও কয়েকটি সূত্রের বরাতে উল্লেখ করেন জুলকারনাইন।
অন্যদিকে, কাজী গুলশান আরার বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং সেনা কর্মকর্তাদের ফাঁদে ফেলে তথ্য সংগ্রহের অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, এসব অভিযোগের জেরে ২০১৯ সালে গুলশান আরাকে সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। পরে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় বলেও তিনি উল্লেখ করেন।
জুলকারনাইন আরও দাবি করেন, গুলশান আরা একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তথ্য পাওয়ার সুযোগ পেতেন। সম্প্রতি বারিধারায় ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তার সঙ্গে তাঁর বৈঠক হয়েছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গ্রেপ্তার দুই কর্মকর্তা কিংবা ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাইয়ের তথ্যও প্রকাশিত হয়নি।