উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন হত্যা, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অন্তত ১৫টি মামলার আসামি সাহেব আলী (৪০)। সোমবার (১২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি এলাকায় নিজ বাহিনীর সদস্যদের মধ্যে বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সাহেব আলী গুলিবিদ্ধ হয়ে সড়কের পাশের একটি খালে পড়ে যান। পরে তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত সাহেব আলী ওয়াপদা কলোনির প্রয়াত গিয়াস উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত বছরের ১৫ অক্টোবর সুনামগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার হয়েছিলেন সাহেব আলী। এর আগে ৩০ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় তাঁকে গ্রেপ্তার করতে গেলে তৎকালীন র্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগ ওঠে। পরে জামিনে মুক্তি পান তিনি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াপদা কলোনির ইত্তেহাদ টাওয়ার নামের একটি বহুতল ভবনের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় সাহেব আলীর হাতেও আগ্নেয়াস্ত্র ছিল এবং তিনিও গুলি ছুড়েছিলেন বলে সূত্রগুলোর দাবি। একপর্যায়ে প্রতিপক্ষের গুলিতে আহত হয়ে তিনি সড়কের পাশের খালে পড়ে যান।
পাশের একটি ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বিপরীত দিক থেকে দৌড়ে আসা এক যুবক কাছ থেকে সাহেব আলীকে গুলি করছেন। তিনি খালে পড়ে যাওয়ার পরও ওই যুবক তাঁকে একাধিকবার গুলি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সাহেব আলীর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে একটি সন্ত্রাসী বাহিনী সক্রিয় ছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিজ বাহিনীর সদস্যদের ছোড়া গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে। তবে নিজেদের মধ্যে বিরোধের কারণ এখনো জানা যায়নি। তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।