উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমন্দি এলাকায় দশম শ্রেণিতে পড়ুয়া ১৬ বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে ৪৭ বছর বয়সী এক প্রবাসীর বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ের প্রস্তুতি, বর-বরযাত্রী ও অতিথিদের উপস্থিতি দেখতে পান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে জন্মনিবন্ধন সনদ যাচাই করে সেটি জাল বলে শনাক্ত করা হয়। বন্ধ করে দেওয়া হয় বাল্যবিবাহের আয়োজন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার (১২ অক্টোবর) মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শিলমন্দি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা মো. আমিনুল ইসলামের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে ৪৭ বছর বয়সী এক প্রবাসীর বিয়ের আয়োজন করা হয়েছিল। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি এবং মুন্সীগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সেখানে গিয়ে কর্মকর্তারা বিয়ের আয়োজন, বর ও বরযাত্রী, বিয়ের সাজে কনে এবং অতিথিদের উপস্থিতি দেখতে পান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা জন্মনিবন্ধন সনদ যাচাই করে সেটি জাল বলে শনাক্ত হয়। পরে সংশ্লিষ্ট বিদ্যালয়ের নথিপত্র যাচাই করে ওই ছাত্রীর বয়স ১৬ বছর নিশ্চিত করা হয়। বরের বয়স ৪৭ বছর বলে জানা যায়। পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতে বাল্যবিবাহের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার অঙ্গীকার করে বর ও কনের পরিবার মুচলেকা দেয়।
অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং এ-সংক্রান্ত আইন সম্পর্কে সচেতন করা হয়। মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার জানান, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ জন্য সামাজিকভাবে জনসচেতনতা তৈরি করা জরুরি।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়মিত বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব ও পিভিএইচপি প্রকল্প মাঠপর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে কাজ করছে।