উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাকসুদা বেগম (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে রাসেলসহ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাকসুদা বেগম ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী।
নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মাকসুদা বেগমের ছেলে জজ মিয়া স্থানীয় সাদ্দামের কাছে একটি স্টিল মিলের জন্য দুই ট্রাক লোহা বিক্রি করেছিলেন। ওই লোহা বিক্রির প্রায় ১০ লাখ টাকা বকেয়া ছিল। সোমবার রাতে জজ মিয়া তাঁর মা ও ভাই রাসেলকে সঙ্গে নিয়ে সাদ্দামের কাছে পাওনা টাকা চাইতে যান।
পরিবারের সদস্যরা জানান, টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তা হাতাহাতি এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে মাকসুদা বেগম, তাঁর ছেলে রাসেল এবং অপর পক্ষের সাদ্দাম আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ব্যবসায়িক পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।