উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পোশাক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে একটি কারখানার অফিসে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে নির্যাতন এবং তাঁর প্রবাসী আত্মীয়ের কাছে সাড়ে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, টাকা না দিলে তাঁকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী মো. সাগর হোসেন (৩২) ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকার শরিফ হোসেনের ছেলে। রোববার (১১ অক্টোবর) বিকেলে ফতুল্লার ইসদাইর অক্টো অফিস এলাকার নিঝুম সোসাইটির গলি থেকে তাঁকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
সাগরের অভিযোগ, বিকেল পৌনে ৪টার দিকে এক বন্ধুর সঙ্গে ওই গলি দিয়ে যাওয়ার সময় কয়েকজন ধারালো অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা বন্ধুকেও ভয়ভীতি দেখানো হয়। পরে তাঁকে একটি ব্যক্তিগত গাড়িতে তুলে বিসিকের শাসনগাঁও এলাকার ‘এম্প্যায়ার কটন’ নামে একটি অফিসে নিয়ে আটকে রাখা হয়। লিখিত অভিযোগে সাগর উল্লেখ করেন, অফিসের ভেতরে তাঁকে লোহার বস্তু দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাঁর মুঠোফোন নিয়ে দুবাইপ্রবাসী ভগ্নিপতি হিরু সিকদারকে হোয়াটসঅ্যাপে কল করেন। ওই কলের মাধ্যমে তাঁর মুক্তির বিনিময়ে সাড়ে ৩ কোটি টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন সাগর।
সাগরের ভাষ্য, তাঁকে উদ্ধারের জন্য তাঁর বন্ধু থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ শুরু করেন। এ তৎপরতার খবর পেয়ে অভিযুক্তরা রাত পৌনে ১০টার দিকে তাঁকে ছেড়ে দেন। তবে মুক্তির আগে টাকা না দিলে এবং বিষয়টি পুলিশ-প্রশাসনকে জানালে তাঁকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তাঁর। ঘটনার পর রাতেই নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নেন সাগর। এরপর তিনি ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগে বিসিকের শাসনগাঁও এলাকার অরুণ হাওলাদারের ছেলে মো. রাইসান রোমান (৩২), মো. আতিক ও মাসদাইরের আব্দুস সালামের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও পাঁচ থেকে ছয়জনকে অভিযুক্ত করেছেন সাগর। অভিযোগের বিষয়ে রাইসান রোমানের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি সরাসরি তাঁর অফিসে গিয়ে কথা বলতে বলেন। তিনি বলেন, “আপনি একটু কষ্ট করে অফিসে আসেন। সামনাসামনি কথা বলি। অনেক সময় অনেক কিছু ভুল হতে পারে আমার। সামনাসামনি কথা বলব।”
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুব আলমের সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়টি ওসি স্যার দেখছেন। তিনি পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেবেন।” অভিযোগের বিষয়ে তদন্তের অগ্রগতি এবং অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।