উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ ঘটনাকে আওয়ামী লীগের সহিংস রাজনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা আওয়ামী লীগের রাজনীতির সহিংস ও অমানবিক চরিত্র আবারও উন্মোচিত করেছে। এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। নাহিদ ইসলাম দাবি করেন, জনগণের কাছে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। অতীতের কর্মকাণ্ডের জন্য দলটির মধ্যে অনুশোচনারও কোনো লক্ষণ নেই বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে দেশে-বিদেশে সক্রিয় কথিত সন্ত্রাসী নেটওয়ার্ক প্রতিহত করার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। পাশাপাশি জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলে সংঘটিত গুম ও খুনের ঘটনায় জড়িতদের বিচার সম্পন্ন করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি। গণহত্যা ও সন্ত্রাসের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারও অবিলম্বে শুরু করার আহ্বান জানান নাহিদ ইসলাম।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের সংকটময় সময়ে তাঁরা গণতন্ত্র পুনরুদ্ধার ও ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন। বিবৃতিতে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের অন্য সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।