উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত নতুন কাঠামোয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নিজ নিজ পদে বহাল থাকছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বা বুধবার পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হতে পারে। নেতাদের সাংগঠনিক তৎপরতা ও কার্যক্রম মূল্যায়ন করে এ পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত কাঠামোয় নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করার পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে এনসিপির বর্তমান ১১ সদস্যের শীর্ষ নেতৃত্বের কাঠামো ‘সুপার ইলেভেন’ থেকে ছয় সদস্যের ‘সুপার সিক্সে’ রূপ নিতে পারে। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্যসচিব করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এনসিপি। শুরু থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটিতে যোগ দিয়ে মুখপাত্রের দায়িত্ব পান সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। দলীয় সূত্র বলছে, দল গঠন, জাতীয় সংসদ নির্বাচন এবং সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে এই চার নেতার ভূমিকা বিবেচনায় নিয়ে সাংগঠনিক কাঠামোয় তাদের আরও গুরুত্বপূর্ণ অবস্থানে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এনসিপির তিন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্যসংখ্যা ১৬। আহ্বায়ক ও সদস্যসচিব পদাধিকারবলে এ পর্ষদের সদস্য। পুনর্গঠিত কাঠামোতেও তাঁদের পাশাপাশি পাটওয়ারী, হাসনাত, সারজিস ও আসিফ গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন। পর্ষদের অন্য ১০ সদস্যকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁরা হলেন আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিকুর রহমান মোজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহউদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম। দলীয় সূত্রের ভাষ্য, যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্যসচিবদের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে। তাঁরা মূলত দলের সহযোগী সংগঠন ও বিভিন্ন সেলের কার্যক্রম তদারক করবেন।
বর্তমান কাঠামোয় আহ্বায়ক, সদস্যসচিব, মুখ্য সমন্বয়ক, দুই মুখ্য সংগঠক, মুখপাত্র, দুই জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, দুই জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়কসহ মোট ১১টি শীর্ষ পদ রয়েছে। দলীয় পরিসরে এই কাঠামো ‘সুপার ইলেভেন’ নামে পরিচিত। পুনর্গঠনের মাধ্যমে শীর্ষ নেতৃত্বের পদ ছয়টিতে সীমিত করার পরিকল্পনা করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহজ করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে গতি বাড়ানো সম্ভব হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত জানুয়ারিতে এনসিপির সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের আলোচনা শুরু হয়। সে সময় আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দলের কার্যক্রম গতিশীল করার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল। ২০২৭ সালের শুরুতে দলের প্রথম জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়েছিল। তবে সে সময় কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, আহ্বায়ক কমিটির মাধ্যমে এনসিপির কার্যক্রম শুরু হয়েছিল। পরে দলে নতুন অনেকে যুক্ত হওয়ায় তাঁদের দায়িত্ব দিতে অতিরিক্ত কিছু পদ সৃষ্টি করা হয়। দীর্ঘদিন ধরে চলা এই কাঠামো এখন পুনর্গঠন করা প্রয়োজন বলে দল মনে করছে। নেতাদের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে মনিরা শারমিন বলেন, দলের কেউ কেউ নিজেদের কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন, আবার কেউ কেউ প্রত্যাশা অনুযায়ী সক্রিয় ছিলেন না। এসব বিষয় বিবেচনায় নিয়েই সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে। তবে পুনর্গঠিত কমিটির আনুষ্ঠানিক তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত প্রস্তাবিত পদ ও দায়িত্বের বিষয়গুলো চূড়ান্ত বলে গণ্য করা যাচ্ছে না।