উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় দুই নারীকে হত্যার ঘটনা ঘটেছে। ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা এবং দাম্পত্য কলহের জেরে এক গৃহবধূ খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। দুই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। নিহতরা হলেন বন্দরের মাহমুদপুর এলাকার মাকসুদা বেগম (৭২) ও তিনগাঁ উত্তরপাড়া এলাকার সুফিয়া আক্তার নিশি (২৪)। মঙ্গলবার বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন এসব তথ্য জানান। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে তিনগাঁ উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে সুফিয়া আক্তার নিশির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় তাঁর স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরকে (২৮) আটক করেছে পুলিশ।
মনির রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বারুইপাড়া এলাকার শফিকুল ইসলাম বাবুলের ছেলে। ওসি জামাল উদ্দিনের ভাষ্য, নিশি স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। সোমবার রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। পুলিশের দাবি, ওই বিরোধের জের ধরে ভোররাতে ছুরি দিয়ে নিশির গলায় আঘাত করে তাঁকে হত্যা করেন তাঁর স্বামী। এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাহমুদপুর এলাকায় ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মাকসুদা বেগম।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, স্থানীয় সাদ্দামের সঙ্গে মাকসুদার ছেলে জজ মিয়ার ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন মাকসুদা। পরে তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আহত সাদ্দাম (৩৫) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ওসি জামাল উদ্দিন। তিনি মাহমুদনগর এলাকার খোকন মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, মাকসুদার মরদেহ দাফনের পর এ ঘটনায় মামলা করা হবে। ওই মামলায় সাদ্দামকে গ্রেপ্তার দেখানো হবে। একই উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী হত্যার ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। পৃথক দুই ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া নিয়ে কাজ করছে পুলিশ।