উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ফ্যাটি লিভারের মতো অসংক্রামক রোগের বিস্তার বাড়ছে। একই সময়ে গত পাঁচ বছরে দেশে চিনির ব্যবহার কমেছে প্রায় ৩৩ শতাংশ। স্বাস্থ্যসচেতনতা, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং নিত্যপণ্যের উচ্চমূল্যকে চিনির ব্যবহার কমার অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) হিসাবে, ২০২১-২২ বিপণন মৌসুমে বাংলাদেশে চিনির ব্যবহার ছিল ২৭ লাখ ৬৭ হাজার টন। ২০২৫-২৬ মৌসুমে তা কমে ১৮ লাখ ৬৩ হাজার টনে দাঁড়াতে পারে। সে হিসাবে পাঁচ বছরে চিনির ব্যবহার কমার হার প্রায় ৩৩ শতাংশ। অন্যদিকে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ২০১১ সালে বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৮৪ লাখ। ২০২৪ সালে তা বেড়ে প্রায় ১ কোটি ৪০ লাখে পৌঁছেছে। অর্থাৎ ১৩ বছরে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৬৫ শতাংশ।
আইডিএফের তথ্য বলছে, বর্তমানে দেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের ১৩ দশমিক ২ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত। তাদের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশের রোগ শনাক্ত হয়নি। সংখ্যার হিসাবে এ জনগোষ্ঠী প্রায় ৫৪ লাখ ২৬ হাজার। শুধু ডায়াবেটিস নয়, উচ্চ রক্তচাপ ও ফ্যাটি লিভার নিয়েও উদ্বেগ বাড়ছে। ২০১৭-১৮ সালের বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের প্রাথমিক ফলাফল অনুযায়ী, ৩৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে উচ্চ রক্তচাপে আক্রান্তের হার ছিল প্রায় ৪০ শতাংশ। ২০১১ সালে এ হার ছিল ২৬ শতাংশ। ওই জরিপের পূর্বাভাস অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে দেশে উচ্চ রক্তচাপে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৪ কোটি ৬০ লাখে পৌঁছতে পারে। বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির গবেষণা অনুযায়ী, দেশে প্রতি তিনজনের একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। আক্রান্তদের মধ্যে প্রায় এক কোটি মানুষ সিরোসিসের ঝুঁকিতে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত চিনি ও পরিশোধিত শর্করা গ্রহণ, স্থূলতা, শারীরিক পরিশ্রমের অভাব এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এসব রোগের ঝুঁকি বাড়াতে পারে। এ কারণে চিকিৎসকের পরামর্শে অনেকে চিনি ও চিনিজাতীয় খাবার গ্রহণ কমাচ্ছেন। চায়ের সঙ্গে চিনি না খাওয়ার প্রবণতাও বাড়ছে। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এমএস জহিরুল হক চৌধুরী বলেন, দেশে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের রোগী বাড়ছে। এসব রোগের সঙ্গে স্থূলতার সম্পর্ক রয়েছে। অতিরিক্ত চিনি ও পরিশোধিত শর্করা গ্রহণ শরীরে চর্বি জমা ও স্থূলতার ঝুঁকি বাড়াতে পারে।
তিনি বলেন, এসব রোগের ঝুঁকি কমাতে প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত চিনি ও লবণ গ্রহণ কমানোর পাশাপাশি শারীরিক পরিশ্রম ও ওজন নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্যগত কারণে চিনি গ্রহণ কমানোর প্রবণতা চা খাওয়ার অভ্যাসেও প্রভাব ফেলছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান ও ইস্পাহানি গ্রুপের চা বিভাগের প্রধান শাহ মঈনুদ্দিন হাসানের মতে, বিশেষ করে মধ্যবিত্ত ও স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে চিনি ছাড়া লিকার চা পান করার প্রবণতা বেড়েছে। বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান তানভিরুর রহমান বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক কাপ চা পান করা হয়। প্রতি কাপ চায়ে চিনির ব্যবহার সামান্য কমলেও বছর শেষে মোট ভোগে বড় পরিবর্তন আসতে পারে।
তবে চিনির ব্যবহার কমার পেছনে শুধু স্বাস্থ্যসচেতনতাই ভূমিকা রাখছে না। বাজারসংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি ও মানুষের ক্রয়ক্ষমতার চাপও এ প্রবণতার অন্যতম কারণ। চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের ব্যয় বেড়ে যাওয়ায় অনেক পরিবার মিষ্টি ও অন্যান্য চিনিজাতীয় খাবারে খরচ কমিয়েছে। ইউএসডিএর তথ্য অনুযায়ী, ২০২২-২৩ মৌসুমে দেশে চিনির ব্যবহার ছিল ২২ লাখ ৩৭ হাজার টন। ২০২৩-২৪ মৌসুমে তা কমে ২০ লাখ ৪৫ হাজার টন এবং ২০২৪-২৫ মৌসুমে ১৮ লাখ ৯০ হাজার টনে দাঁড়ায়। ২০২৫-২৬ মৌসুমে তা আরও কমে ১৮ লাখ ৬৩ হাজার টন হতে পারে।
চিনির বাজারে চাহিদা কমার প্রভাব পড়েছে উৎপাদন খাতেও। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপমহাব্যবস্থাপক তাসলিম শাহরিয়ার বলেন, স্বাস্থ্যসচেতনতা ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় চিনির ব্যবহার কমেছে। ডায়াবেটিসের মতো রোগের বিস্তার এবং মিষ্টিজাতীয় পণ্য কেনাকাটায় ব্যয় কমানোর প্রবণতাও এতে ভূমিকা রাখছে। তার ভাষ্য অনুযায়ী, দৈনিক সাড়ে পাঁচ হাজার টন উৎপাদন সক্ষমতা থাকলেও প্রতিষ্ঠানটির উৎপাদন বর্তমানে প্রায় আড়াই হাজার টনে নেমেছে।
অন্যদিকে সরকারি চিনিকলগুলো দীর্ঘদিন ধরে লোকসানের মুখে রয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) তথ্য অনুযায়ী, ২০১৯-২০ মৌসুমে ১৫টি রাষ্ট্রায়ত্ত চিনিকলে ৮২ হাজার টনের বেশি চিনি উৎপাদিত হয়েছিল। ২০২২-২৩ মৌসুমে উৎপাদন কমে দাঁড়ায় ২১ হাজার ৩১৪ টনে। সর্বশেষ ২০২৫-২৬ মৌসুমে নয়টি মিলে উৎপাদন হয়েছে ৪৩ হাজার ৩২৬ টন। করপোরেশনের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত চিনিকল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লোকসান হয়েছে প্রায় ৪৭৭ কোটি টাকা। আগের অর্থবছরে এ লোকসান ছিল প্রায় ৫৫৫ কোটি টাকা। সরকারি চিনিকলে উৎপাদন ব্যয় বেশি হওয়ায় বাজারে প্রতিযোগিতা করাও কঠিন হয়ে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, চিনির ব্যবহার কমার প্রবণতা জনস্বাস্থ্যের জন্য ইতিবাচক হতে পারে, যদি তা সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হয়। তবে চিনির ব্যবহার কমার পরিসংখ্যান দিয়ে এককভাবে প্রমাণ করা যায় না যে মানুষের স্বাস্থ্যসচেতনতা বেড়েছে বা রোগের ঝুঁকি কমেছে। মূল্যস্ফীতি, ক্রয়ক্ষমতা ও খাদ্যাভ্যাসের পরিবর্তন—সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে এ প্রবণতা বিশ্লেষণ করা প্রয়োজন।