উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুরের নাজিরপুরে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানার পর এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক সার ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী মো. বাবুল মোল্লার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কর্মকর্তা। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দীঘিরজান বাজারে এ ঘটনা ঘটে। আহত কর্মকর্তা বিপুল কুমার মল্লিক (৪৬) নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীঘিরজান বাজারে দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই সার বিক্রি করে আসছিলেন ব্যবসায়ী বাবুল মোল্লা (৫৫)। মঙ্গলবার উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে বাজারটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দায়িত্ব পালন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক।
অভিযানকালে বাবুল মোল্লার দোকান ও গুদাম থেকে দুই বস্তা ইউরিয়া, সাড়ে তিন বস্তা ডিএপি, এক বস্তা এমওপি এবং পাঁচ বস্তা টিএসপি সার পাওয়া যায়। অননুমোদিতভাবে সার বিক্রির দায়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং সার জব্দ করা হয়। বিপুল কুমার মল্লিকের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে কর্মকর্তারা চলে যাওয়ার পর তিনি বাজারে কেনাকাটা করতে গেলে বাবুল মোল্লা তাঁর পথরোধ করেন। পরে মোবাইল কোর্টে সহযোগিতা করার অভিযোগ তুলে বাঁশের লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা জানান, লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে জরিমানা ও সার জব্দের পর কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বাবুল মোল্লা উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলা চালান বলে তিনি জানান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব বলেন, দীঘিরজান বাজারের ওই ব্যবসায়ীর দোকান থেকে অবৈধভাবে মজুত করা সার জব্দ করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে চলে আসার পর কৃষি বিভাগের এক কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।