উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) ভোররাত আড়াইটার দিকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার অন্য দুজন হলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার ও আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলের ছোট ভাই। কাজল নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি।
আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেনের ভাষ্য অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর ফতুল্লা থানায় আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতির অভিযোগে একটি মামলা করা হয়। ওই মামলায় কাজল, তাঁর ভাই আতিকুল ইসলাম ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে মামলার এজাহারে তাঁদের কারও নাম নেই বলে দাবি করেছেন তিনি। আওলাদ হোসেন জানান, জিয়াউল ইসলাম কাজলকে গ্রেপ্তারের পর ফতুল্লা থানায় তাঁর জন্য খাবার নিয়ে গেলে আতিকুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়। মাহবুবুর রহমান তুষার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আসাদুজ্জামানের ছেলে।
এর আগে মঙ্গলবার তুহিন হত্যা মামলায় জামিন পান ডা. সেলিনা হায়াৎ আইভী। জামিনের পর আদালত চত্বরে আইভী ও তাঁর সমর্থকদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার খবর সামনে আসে। এর সঙ্গে গ্রেপ্তারের ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রচারিত ভিডিওতে জিয়াউল ইসলাম কাজলকে কোনো স্লোগান দিতে দেখা যায়নি। ভিডিওতে তাঁকে মামলার নথিপত্রের ফাইল হাতে আইভীর পাশে হাঁটতে দেখা যায়।
ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারের পর তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। তবে তাঁদের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ, মামলায় তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে এবং এজাহারে নাম না থাকার বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।