উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে একটি অফিসে দুপুরের খাবারের জন্য প্রতিদিন সাড়ে ১০ লাখ টাকা ব্যয় হতো বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৫০ টাকায় দুপুরের খাবার খান বলে জানিয়েছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বরগুনার আট দিনের সফরে গিয়ে সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন চিফ হুইপ। নূরুল ইসলাম মণি বলেন, শেখ হাসিনার আমলে ওই অফিসে দুপুরের খাবারের পেছনে প্রতিদিন সাড়ে ১০ লাখ টাকা এবং বছরে ৩৫ কোটি টাকা ব্যয় হতো। বিপরীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাধারণ জীবনযাপনের কথা তুলে ধরে তিনি বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে ডাল, ডিম ভাজি, কুমড়া ভর্তা ও ডাল দিয়ে খাবার খেয়েছেন তিনি। চিফ হুইপ বলেন, তারেক রহমান কিছুদিন আগে বলেছেন, দেশের একটি পয়সাও তাঁর হাত দিয়ে নষ্ট হতে দেবেন না। প্রধানমন্ত্রীর জীবনযাপন ও তাঁর বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে নূরুল ইসলাম মণি বলেন, তারেক রহমানের মতো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়া দেশের জন্য সৌভাগ্যের বিষয়।
চাঁদাবাজি ও দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা
সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনার প্রসঙ্গ তুলে চিফ হুইপ বলেন, কর্মীদের সঙ্গে নিয়ে চলতে হবে এবং তাঁদের পাশে দাঁড়াতে হবে। চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের কোনো সুযোগ নেই বলে প্রধানমন্ত্রী কঠোর অবস্থান জানিয়েছেন। এসব কর্মকাণ্ড ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির প্রসঙ্গে নূরুল ইসলাম মণি বলেন, শুধু বহিষ্কার নয়, পরবর্তী আইনি ব্যবস্থাও গুরুত্বপূর্ণ।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, জনপ্রিয় ব্যক্তিরা নির্বাচনে অংশ নেবেন। এ নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। ধানের শীষ, নৌকা কিংবা অন্য কোনো প্রতীকের পরিবর্তে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচিত করার সুযোগ থাকবে বলে তিনি জানান। তিনি বলেন, দলীয় প্রতীক না থাকলে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা কমবে এবং ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিতে পারবেন। দেশের অতীত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে নূরুল ইসলাম মণি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলের প্রশংসা করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের উন্নয়নে অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।