উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল ও তাঁর ভাই আতিকুল ইসলাম মুন্নার দ্রুত মুক্তি দাবি করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। একই সঙ্গে তাঁদের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিনের আবেদনকে কেন্দ্র করে আদালতে ঘটে যাওয়া ঘটনার পর জিয়াউল ইসলাম কাজল, তাঁর ভাই আতিকুল ইসলাম মুন্না এবং সংশ্লিষ্ট আরেক আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আগের একটি সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে উল্লেখ করা হয়।
সাংস্কৃতিক জোটের দাবি, আদালতের ওই ঘটনার সঙ্গে কাজল ও মুন্নার কোনো সংশ্লিষ্টতা নেই। আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আইভীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন কাজল। কারও পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ানো অপরাধ হতে পারে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় তৎকালীন সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংস্কৃতিক জোটের বিভিন্ন কর্মসূচিতে কাজল ও মুন্না সক্রিয়ভাবে অংশ নেন। ওই সময় জিয়াউল ইসলাম কাজল সংগঠনটির সভাপতি এবং আতিকুল ইসলাম মুন্না সদস্য ছিলেন।
সংগঠনটি অভিযোগ করে, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরও বিচারব্যবস্থায় প্রত্যাশিত পরিবর্তন আসেনি। আগের সরকারের আমলে বিচারব্যবস্থার যে পরিস্থিতি ছিল, তার ধারাবাহিকতা এখনো রয়েছে বলে দাবি করা হয় বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন অনিয়ম ও দুঃশাসনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট দীর্ঘদিন আন্দোলন করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও সংগঠনটির সক্রিয় অংশগ্রহণ ছিল। এসব কর্মসূচির তথ্যচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে বলে উল্লেখ করা হয়।
সাংস্কৃতিক জোটের অভিযোগ, প্রশাসনের কিছু কর্মকর্তার আইনবহির্ভূত কর্মকাণ্ড সরকারকে বিতর্কিত করছে। কাজল ও মুন্নাকে মামলায় গ্রেপ্তার দেখানোর ঘটনাকে বিচারব্যবস্থার সংস্কার না হওয়ার উদাহরণ হিসেবে তুলে ধরে সংগঠনটি। বিবৃতিতে বিচারব্যবস্থার সংস্কারের দাবি জানিয়ে জিয়াউল ইসলাম কাজল ও আতিকুল ইসলাম মুন্নার দ্রুত মুক্তি কামনা করা হয়।