উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অপরাধ দমনে পুলিশকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশনার কথাও জানিয়েছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খুলনায় রাতে পুলিশের চলাচল নিয়ে দেওয়া নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনে গেলে পুলিশ মাঝেমধ্যে আক্রমণের শিকার হয়। এটি নতুন কোনো বিষয় নয়। অপরাধীদের দমনে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। পুলিশ আসামি গ্রেপ্তার করতে গেলে কেউ পালাতে সহায়তা করলে তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকদের সুনির্দিষ্ট তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান মন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা, ডিসেম্বরে নাশকতার আশঙ্কা এবং বিরোধীদের আন্দোলন নিয়ে সরকার কোনো চ্যালেঞ্জ অনুভব করছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এসব ক্ষেত্রে সরকারের দায়িত্ব রয়েছে। তবে বিষয়গুলোকে তিনি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন পাল্টেছে। আধুনিক ডিজিটাল জগতে সংঘটিত সাইবার অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সমানভাবে প্রস্তুত হতে হবে। এ জন্য প্রয়োজনীয় ল্যাবরেটরি ও সরঞ্জাম দিয়ে সাইবার অপরাধ তদন্তের সক্ষমতা বাড়ানো হবে।
তিনি জানান, পুলিশের সাইবার ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা শুরু থেকেই ছিল। ইউনিটটি গঠন করা হয়েছে এবং গত ১ অক্টোবর থেকে কাজ শুরু করেছে। শিগগিরই দেশের আটটি বিভাগের সদর দপ্তরে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে। এসব ল্যাব প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে বুধবার দক্ষিণ কোরিয়া সরকারের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ ছাড়া অতিরিক্ত আইজিপি নুরুল আমিন, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডির অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোশাররফ হোসাইন।