উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হারমোনিয়ামের ভেতরে লুকিয়ে দুটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি পরিবহনের সময় মো. বারেক ব্যাপারী (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (১৪ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকার একটি চেকপোস্টে ‘রিয়াজ পরিবহন’ নামের বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১১-এর দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৪-এর একটি আভিযানিক দল এ অভিযান চালায়। বাহিনীটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানান, অস্ত্র ও গুলির চালানটি মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই এলাকার সুজন বেপারীর কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। সুজন কুষ্টিয়া থেকে পিস্তল দুটি কিনেছেন বলেও বারেক জানান। পরে বারেকের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৭টার দিকে শিলই এলাকায় সুজন বেপারীর বাসায় অভিযান চালায় এসআরবি-১১-এর একটি দল। এ সময় সুজন বেপারী (৩৮) ও তাঁর বড় ভাই মনির হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
এসআরবির দাবি, তাঁদের বাসায় তল্লাশি চালিয়ে আরও একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অর্থ অস্ত্র বিক্রির বলে জানিয়েছে বাহিনীটি। এ নিয়ে পৃথক দুই অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা ও মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এসআরবির এক কর্মকর্তা।