উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুষ্টিয়া থেকে বিদেশি পিস্তল কিনে মুন্সীগঞ্জে এনে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাঁদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধারের কথা জানিয়েছে বাহিনীটি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই এলাকার সুজন বেপারী (৩৮), তাঁর বড় ভাই মনির হোসেন (৪৫) এবং মো. বারেক ব্যাপারী (৪৯)। সুজন ও মনিরের বাবার নাম কাসেম ব্যাপারী।
বুধবার (১৪ অক্টোবর) রাতে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকায় এবং সকালে মুন্সীগঞ্জের শিলই এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-১১ ও এসআরবি-১৪-এর যৌথ অভিযানে তাঁরা গ্রেপ্তার হন। এসআরবি-১১-এর অপারেশন অফিসার মো. রওনক এরফান খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-১১-এর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত ২টা ১০ মিনিটে এসআরবি-১৪-এর একটি দল যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকার চেকপোস্টে ‘রিয়াজ পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় হারমোনিয়ামের ভেতরে লুকানো দুটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ বারেক ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানান, অস্ত্র ও গুলির চালানটি মুন্সীগঞ্জের সুজন বেপারীর কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। সুজন কুষ্টিয়া থেকে পিস্তল দুটি কিনেছেন বলেও তিনি জানান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পরে ওই তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৭টার দিকে শিলই এলাকায় সুজন বেপারীর বাসায় অভিযান চালায় এসআরবি-১১-এর একটি দল। সেখান থেকে সুজন ও তাঁর বড় ভাই মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির দাবি, তাঁদের বাসায় তল্লাশি চালিয়ে আরও একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অর্থ অস্ত্র বিক্রির বলে দাবি করেছে বাহিনীটি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা ও মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।