উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক ব্যবসায়ী সাগর হোসেনকে জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির ভাগিনা পরিচয় দিয়ে রিফাত ও তাঁর সহযোগীদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও তাঁর পরিবারের দাবি, সাগরকে অস্ত্রের মুখে জিম্মি করে বিসিকের শাসনগাঁও এলাকার রাইসান রোমানের মালিকানাধীন এম্পায়ার কটন কারখানার অফিসে আটকে রেখে প্রায় ছয় ঘণ্টা নির্যাতন করা হয়। এ সময় তাঁর দুবাইপ্রবাসী ভগ্নিপতির কাছে সাড়ে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় বলেও অভিযোগ করেছেন সাগর। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সাগর হোসেনের অভিযোগ, গত ১১ অক্টোবর বিকেল পৌনে চারটার দিকে ফতুল্লার ইসদাইরের অক্টো অফিস এলাকার নিঝুম হাউজিং সোসাইটির একটি গলি দিয়ে সাংবাদিক বন্ধু গোলাম রাব্বানীর সঙ্গে যাওয়ার সময় তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা বন্ধুকেও হুমকি দেওয়া হয়। পরে তাঁকে একটি ব্যক্তিগত গাড়িতে করে এম্পায়ার কটন কারখানার অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে লোহার বস্তু দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ তাঁর।
সাগরের ভাষ্য, নির্যাতনের একপর্যায়ে তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে ওই ফোন থেকেই দুবাইপ্রবাসী ভগ্নিপতি হিরু সিকদারকে হোয়াটসঅ্যাপে কল করা হয়। তাঁকে ছেড়ে দেওয়ার বিনিময়ে সাড়ে ৩ কোটি টাকা দাবি করা হয়। প্রায় ছয় ঘণ্টা আটকে রাখার পর তিনি মুক্ত হন। পরে রাতে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। সাগর (৩২) ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকার শরিফ হোসেনের ছেলে। তিনি পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত। মামলায় বিসিকের শাসনগাঁও এলাকার অরুণ হাওলাদারের ছেলে রাইসান রোমান (৩২), মো. আতিক ও মাসদাইরের আব্দুস সালামের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।
সাগরের দাবি, তাঁকে তুলে নেওয়ার সময় অভিযুক্তদের হাতে সুইচযুক্ত ধারালো ছুরি ছিল। ওই ছুরি গলায় ঠেকিয়ে জামার কলার ধরে তাঁকে টেনে নেওয়া হয়। নিঝুম হাউজিং সোসাইটির একটি ভবনের সিসিটিভি ফুটেজে এক যুবককে সাগরের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে টেনে নিয়ে যেতে দেখা যায় বলে দাবি তাঁর পক্ষের। ওই ব্যক্তিকে আব্দুস সালাম হিসেবে শনাক্ত করেছেন তাঁরা। ফুটেজে রিফাতকেও দেখা যায় বলে তাঁদের দাবি। ভুক্তভোগী ও তাঁর পরিবারের অভিযোগ, রিফাত নিজেকে জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির ভাগিনা হিসেবে পরিচয় দিতেন। স্থানীয় সূত্রের দাবি, আব্দুস সালামও রনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তবে এসব সম্পর্কের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
সাগর ও তাঁর পরিবারের দাবি, মামলা করার পর থেকে বিভিন্ন ব্যক্তি তাঁদের ফোন করে হুমকি দিচ্ছেন। অভিযুক্তদের পক্ষে প্রভাবশালী মহল প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তদবির করছে এবং মামলা তুলে নিতে চাপ দিচ্ছে বলেও অভিযোগ তাঁদের। সাগর বলেন, “আমি এই ঘটনায় মামলা করায় আমাকে নানান জন ফোন দিয়ে হুমকি দিচ্ছেন। আমি মানসিকভাবেও এখন বিপর্যস্ত হয়ে পড়েছি। পুলিশ-প্রশাসনের কাছে আমি আমার এবং আমার পরিবারের নিরাপত্তার দাবি জানাই।” সাগর ও তাঁর পরিবারের আরও অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। তাঁরা অভিযুক্তদের গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এদিকে, বুধবার বিকেলে এম্পায়ার কটন কারখানায় আয়োজিত সংবাদ সম্মেলনে কারখানার জেনারেল ম্যানেজার পরিচয়ে রাসেল আহম্মেদ দাবি করেন, সাগর ও তাঁর ভগ্নিপতি আসাদুজ্জামান হিরুর সঙ্গে কারখানাটির ব্যবসায়িক লেনদেন রয়েছে। পাওনা টাকা নিয়ে সমঝোতার জন্য সাগর স্বেচ্ছায় কারখানার গাড়িতে উঠে সেখানে যান বলে দাবি করেন তিনি। রাসেল আহম্মেদের ভাষ্য, গত ১১ অক্টোবর পাওনা টাকা নিয়ে সমঝোতার বিষয়ে আলোচনার জন্য সাগর নিঝুম হাউজিং সোসাইটি এলাকায় উপস্থিত হলে সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। খবর পেয়ে কারখানার মালিক রাইসান রোমান ও আতিকুল ইসলামসহ কর্মকর্তারা সেখানে যান। পরে পাওনার হিসাব-নিকাশ নিষ্পত্তির উদ্দেশ্যে সাগর স্বেচ্ছায় এম্পায়ার কটনের গাড়িতে ওঠেন বলে দাবি করেন তিনি। তবে সাগরের পক্ষের বক্তব্য, তাঁকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছিল। সিসিটিভি ফুটেজ নিয়ে দুই পক্ষের বক্তব্যেও রয়েছে বিরোধ। ব্যবসায়িক পাওনার দাবি এবং নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুব আলম বলেন, সাগর হোসেন প্রথমে লিখিত অভিযোগ দিয়েছিলেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার তদন্তের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।