উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহার করে ৮৫ কোটি ২১ লাখ টাকার বেশি রাজস্ব ফাঁকির অভিযোগে ইউএজিএম বিডি লিমিটেডের বিরুদ্ধে মামলা প্রতিবেদন চূড়ান্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তদন্তে প্রতিষ্ঠানটির ঘোষিত উৎপাদন, বিদ্যুৎ ব্যবহার ও কারখানার যন্ত্রপাতির অবস্থায় অসংগতি পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। বুধবার (১৪ অক্টোবর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় ইউএজিএম বিডি লিমিটেডের কারখানায় অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করে পণ্য উৎপাদন ও রপ্তানির তথ্য দেখিয়েছে। পিভিসি ফ্লেক্স, পিভিসি ফিল্ম, পিইটি ফিল্ম, কৃত্রিম চামড়া, ডুপ্লেক্স বোর্ড ও কালার বোর্ডসহ বিভিন্ন ধরনের কাঁচামাল আমদানি করে সেগুলো দিয়ে পণ্য উৎপাদন এবং ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের (এলসি) মাধ্যমে রপ্তানি করা হয়েছে বলে নথিপত্রে উল্লেখ ছিল। তবে কারখানার ঘোষিত উৎপাদনের সঙ্গে বিদ্যুৎ ব্যবহারের হিসাবে বড় ধরনের অসংগতি পেয়েছে তদন্ত দল। ঘোষিত উৎপাদনের তুলনায় বিদ্যুৎ খরচ অনেক কম ছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি বিকল্প বিদ্যুৎ সংযোগ, সৌরবিদ্যুৎ কিংবা গ্যাসচালিত উৎপাদনব্যবস্থার প্রমাণ পাওয়া যায়নি। কারখানায় উৎপাদনের জন্য স্থাপিত যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। নিয়মিত উৎপাদন কার্যক্রম পরিচালনার উপযোগী ব্যবস্থাও সেখানে ছিল না বলে দাবি করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এনবিআরের সন্দেহ, প্রতিষ্ঠানটি বন্ড কমিশনারেট থেকে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) নিয়ে ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে পণ্য রপ্তানির তথ্য দেখালেও শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল স্থানীয় বাজারে বিক্রি করে থাকতে পারে। আমদানি-সংক্রান্ত নথি, উৎপাদন সক্ষমতা, বিদ্যুৎ ব্যবহার ও অন্যান্য তথ্য যাচাই করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৮৫ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৪৯৫ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে মামলা প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এনবিআর। তবে অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির বক্তব্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।