উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১২ নম্বর ওয়ার্ডে প্রায় এক কোটি টাকা ব্যয়ে দুটি আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বুধবার (১৪ অক্টোবর) সকালে নগরীর চাষাঢ়ার বাগে জান্নাত মহল্লা এবং পরে মিশনপাড়া এলাকায় পৃথকভাবে এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়নকাজ অব্যাহত রয়েছে। জনগণের ভোগান্তি কমাতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে একটি মডেল সিটি করপোরেশন হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে। ১২ নম্বর ওয়ার্ডসহ নগরীর সব ওয়ার্ডে পর্যায়ক্রমে রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিকের প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, বাগে জান্নাত পঞ্চায়েত কমিটির সভাপতি মহিউদ্দিন মাহমুদ, সহসভাপতি শামসুল হক বাচ্চু, ভবানী রায়, ফারুক আহম্মদ রিপন, সদস্য রহমত উল্লাহ লিটন, রুবেল, হাজী কালাম ও হাফেজ মুক্তার।
এ ছাড়া উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষক দলের সহসভাপতি আক্তার হোসেন সবুজ, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সহসভাপতি মাসুম খান ও মাহবুব হাসান জুলহাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বাগে জান্নাত পঞ্চায়েত কমিটির সভাপতি মহিউদ্দিন মাহমুদ সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্যোগ নেওয়ায় নাসিক প্রশাসককে ধন্যবাদ জানান। প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মাণকাজের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দারা এলাকার যোগাযোগব্যবস্থা ও পানি নিষ্কাশন পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন।