উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবে বিপাকে পড়েছেন ওমরাহ পালন করতে যাওয়া মুসল্লিরা। দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত ও ৩০০ জন আহত হওয়ার পর অনেক যাত্রীর ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন এসেছে। সৌদি গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, হামলায় কয়েক ডজন ওমরাহযাত্রীর একটি দলের নেতৃত্ব দেওয়া বাংলাদেশি এক ইমাম নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (১৪ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার রিয়াদের বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে হামলার সময় সেখানে হজ ও ওমরাহযাত্রীদের সাদা পোশাক পরা অনেক মুসল্লি ছিলেন। হামলার পর বিমান চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
হুতিরা জানিয়েছে, মুসলমানদের পবিত্রতম দুই শহর মক্কা ও মদিনাকে তারা হামলার লক্ষ্যবস্তু করবে না। তবে সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে হামলা চালাচ্ছে তারা। হুতিদের দাবি, সৌদি আরবের হামলার জবাব দিতেই এসব আক্রমণ করা হচ্ছে। মক্কায় অবস্থানরত জর্ডানের নাগরিক ফাদি আনোয়ার রয়টার্সকে বলেন, তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মিত সতর্কবার্তা পাওয়ায় তাঁদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। সৌদি কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, দেশটি নিরাপদ এবং দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে পশ্চিমা কয়েকটি দেশের সরকার সৌদি আরবের অধিকাংশ বিমানবন্দর ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওমরাহ পালনের জন্য সারা বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা সৌদি আরবে যান। অনেক যাত্রী সরাসরি জেদ্দা বা মদিনা বিমানবন্দরে পৌঁছালেও অন্যরা রিয়াদসহ দেশটির বিভিন্ন বিমান চলাচলকেন্দ্র ব্যবহার করেন। সাম্প্রতিক হামলার কারণে তাঁদের অনেকের যাত্রাপথ ও পরিকল্পনা বদলাতে হচ্ছে। সুদানের নাগরিক আল আমিন হাসান মোহাম্মদ জানান, শনিবার রিয়াদে হামলার সময় তিনি সৌদি আরবে স্বজনদের সঙ্গে অবস্থান করছিলেন। বিস্ফোরণের পর তিনি ও প্রতিবেশীরা উদ্বিগ্ন হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে হামলা-পাল্টা হামলার কারণে দেশটির বিভিন্ন ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়ছে ব্যবসা, দূতাবাসের কার্যক্রম ও পর্যটন খাতেও।
সৌদি আরবে চলমান এই নিরাপত্তা পরিস্থিতি ও বিমান চলাচলের অনিশ্চয়তায় ওমরাহযাত্রীদের ভ্রমণ পরিকল্পনা নিয়ে উদ্বেগ বাড়ছে।