উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলিস্তানের মতিউর রহমান পার্ক এলাকায় যুবদলের তিন নেতার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এমদাদ পাটোয়ারী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় পল্টন থানা যুবদলের সাবেক সহসভাপতি জাফর খান মনা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত মনা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত অপর দুজন হলেন মতিঝিল থানা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ এবং ওয়ারী থানা যুবদলের সাবেক সহসভাপতি আবদুল্লাহ জায়েদ ডেভিড।
আবদুল্লাহ জায়েদ ডেভিডের অভিযোগ, রাজধানীর কাপ্তান বাজারের মুরগিপট্টি ও গুলিস্তান বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সঙ্গে জড়িত এমদাদ পাটোয়ারী ও তাঁর সহযোগীরা। তাঁর দাবি, গুলিস্তানের জয়কালী মন্দির থেকে যাত্রাবাড়ী পর্যন্ত চলাচলকারী লেগুনা থেকেও নিয়মিত চাঁদা আদায় করা হয়।
ডেভিড জানান, মঙ্গলবার বিকেলে বন্ধু জাফর খান মনাসহ অন্যদের সঙ্গে দেখা করতে তাঁরা মতিউর রহমান পার্ক এলাকায় যান। এ সময় এমদাদ পাটোয়ারী ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
ডেভিডের ভাষ্য, হামলার সময় জাফর খান মনা আক্রমণ প্রতিহত করার চেষ্টা করলে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর একটি হাত ও একটি পা ভেঙে যায়। পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার কারণ সম্পর্কে ডেভিডের দাবি, তাঁরা চাঁদাবাজিতে বাধা দিতে এসেছেন—এমন সন্দেহ থেকেই তাঁদের ওপর হামলা চালানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে এমদাদ পাটোয়ারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটু ব্যস্ত আছি। পাঁচ মিনিট পর কল ব্যাক করছি।’ তবে পরবর্তী সময়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।