উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ৩৪ শিশু ও এক নারী শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঘনবসতিপূর্ণ দির কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নিহত শিশুদের সবার বয়স ১৪ বছর বা তার কম। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম জানান, ওই হাসপাতালে ৩২ শিশু ও এক শিক্ষকের মরদেহ নেওয়া হয়। অন্যদিকে নাসিরুল্লাহ বাবর মেমোরিয়াল হাসপাতালের উপপরিচালক ডা. ইব্রাহিম জানান, সেখানে আরও দুই শিশুর মরদেহ নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর লেডি রিডিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আহতদের চিকিৎসায় হাসপাতালের জ্যেষ্ঠ কর্মকর্তারা ট্রমা ওয়ার্ডে উপস্থিত থেকে পরিস্থিতি তদারক করেন।
পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ড. মিয়ান সাঈদ জানান, স্কুলটির মালিককে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা করা হবে। ভবনটির ছাদ দুর্বলভাবে নির্মিত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এবং নির্মাণবিধি লঙ্ঘন করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।
তিনি জানান, তিনতলা ভবনটিতে মোট ১১০ জন শিক্ষার্থী ভর্তি ছিল। ছাদ ধসের সময় ওপরের তলার শ্রেণিকক্ষে প্রায় ৩০ শিশু ছিল। ভবনটি ঘনবসতিপূর্ণ এলাকায় সরু গলির মধ্যে অবস্থিত হওয়ায় উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ছাদের স্ল্যাব নির্মাণে পাতলা মাটির টালি বা ইটজাতীয় উপকরণ ব্যবহার করা হয়েছিল। ভবনটির কাঠামোগত নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।
উদ্ধারকাজে রেসকিউ ১১২২-এর কর্মীদের পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন। আহত শিশুদের অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং উদ্ধার অভিযান দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও শোক প্রকাশ করে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্তের ওপর গুরুত্ব দিয়েছেন। আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি, পুলিশের মহাপরিদর্শক জুলফিকার হামিদ এবং পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
স্কুল ভবনটির নির্মাণে কোনো ধরনের অবহেলা বা নিরাপত্তাবিধি লঙ্ঘন ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।