উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অপরাধে দণ্ডিত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিথি আক্তার। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আজেল নিউজ এ তথ্য জানিয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় এবং মামলাটি আদালতে পাঠানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে তাযিরের আওতায় মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট উচ্চতর কর্তৃপক্ষ ওই রায় বহাল রাখে। পরে রাজকীয় আদেশের ভিত্তিতে বুধবার তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইসলামি শরিয়াহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তবে দুই বাংলাদেশির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী ছিল, তাঁদের মামলার বিস্তারিত বিবরণ এবং বিচারপ্রক্রিয়া সম্পর্কে স্বাধীনভাবে যাচাইযোগ্য অতিরিক্ত তথ্য প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ও আজেল নিউজ।