উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন এবং নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত নতুন ও চলমান দরপত্র এবং ক্রয় প্রক্রিয়া স্থগিত থাকবে। তবে রাষ্ট্রীয় জরুরি বিষয়ের ক্ষেত্রে এ স্থগিতাদেশ প্রযোজ্য হবে না বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নতুন বিধিমালা ও রেট শিডিউল প্রকাশের পর সরকারি ক্রয় কার্যক্রম কীভাবে পুনরায় শুরু হবে, সে বিষয়ে পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে।