উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক নারীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও দুজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। পুলিশ জানিয়েছে, তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রীপুর থানায় মামলাটি করেন ওই নারী। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ওই নারী স্বামীর সঙ্গে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের একটি এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। প্রায় ছয় মাস ধরে তাঁরা স্থানীয় হারুন অর রশিদের বাড়িতে ভাড়া থাকতেন। এজাহারে বলা হয়, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তাঁরা বাসা পরিবর্তনের সিদ্ধান্ত নেন। বাড়ির মালিককে তিন মাসের অগ্রিম ভাড়া দিয়ে নতুন বাসায় মালামাল সরানোর কাজও শুরু করেন।
অভিযোগ অনুযায়ী, গত সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ফারুক ও নয়ন ওই বাসায় এসে তাঁর স্বামীকে ডেকে নিয়ে যান। পরে স্বামী বাসায় ফিরে আসেন। রাত ৯টার দিকে ফারুক ও নয়নের সঙ্গে আরও দুজন ওই বাসায় প্রবেশ করেন। একপর্যায়ে চারজন মিলে তাঁর স্বামীকে মারধর করে পাশের একটি কক্ষে আটকে রাখেন। এরপর নয়ন ওই নারীকে টেনেহিঁচড়ে বাসার পাশের একটি পরিত্যক্ত টিনশেড কক্ষে নিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে ফারুক এবং বাইরে পাহারায় থাকা অজ্ঞাতপরিচয় আরও দুজনও তাঁকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। ঘটনার পরও অভিযুক্তরা বাড়ির আশপাশে অবস্থান করছিলেন বলে ভয়ে তাৎক্ষণিকভাবে থানায় যেতে পারেননি তিনি। পরে স্বজনদের সহায়তায় বৃহস্পতিবার থানায় মামলা করেন। ভুক্তভোগীর স্বামীও অভিযোগ করেছেন, তাঁকে একটি কক্ষে আটকে রেখে তাঁর স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করা হয়। ঘটনার বিচার চাইতে গেলে তাঁকে ও তাঁর স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
মামলায় নাম উল্লেখ করা দুই অভিযুক্ত হলেন সিলেটের কোতোয়ালি থানার মাজারখানা এলাকার ফারুক (৩২) এবং শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের নয়ন (১৯)। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানা যায়নি।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ঘটনার খবর পাওয়ার পর অভিযুক্তদের গ্রেপ্তারে ওই এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।