উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কথা উল্লেখ করে বুধবার (১৪ অক্টোবর) প্রক্টর অফিস থেকে এ বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে নির্দেশনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের কয়েকজন নেতা।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়। এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তাঁর ফেসবুক পোস্টে প্রশাসনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি ক্যাম্পাসে গরু কোরবানির আয়োজন করার ঘোষণা দেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশও ক্যাম্পাসে গরুর মাংস রান্না ও ভোজের আয়োজনের কথা জানিয়েছেন। তবে এসব ঘোষণা বাস্তবায়িত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে গত ১২ অক্টোবর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে গরুর মাংসের খিচুড়ি রান্নার আয়োজন করা হয়। এর পাশেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির থাকায় মন্দিরের সামনে গরুর মাংস রান্নার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের একাংশ।
তবে অন্য শিক্ষার্থীদের কেউ কেউ এ অভিযোগ নাকচ করে বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের খাবার ও ব্যক্তিগত আচরণ নির্ধারণের ক্ষেত্রে কোনো একক গোষ্ঠীর একচ্ছত্র কর্তৃত্ব থাকা উচিত নয়। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান তৈরি হয়। এ পরিস্থিতিতে ক্যাম্পাসে গরু জবাই ও মাংস রান্নাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ে। এর মধ্যেই জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার যুক্তিতে পশু জবাই বন্ধ রাখার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রশাসনের নির্দেশনা বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি ঘিরে পরবর্তী পরিস্থিতির দিকে নজর রয়েছে ক্যাম্পাসসংশ্লিষ্টদের।