প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এ জন্য ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। পাশাপাশি ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করার বিষয়েও সম্মতি দিয়েছে দেশটি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষ নীতিগত সম্মতি দিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত বাস্তবায়নপ্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ার নির্ধারিত যোগ্যতার মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি বেসরকারি সংস্থা এবং আরও ৩১২টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। সব মিলিয়ে তালিকায় থাকছে ৩৩৮টি এজেন্সি।
তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো নিজেদের উদ্যোগে মালয়েশিয়ার শ্রমবাজারে নিয়োগকর্তা খুঁজে বের করতে এবং চাকরির চাহিদাপত্র বা জব অর্ডার সংগ্রহ করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণাও দিয়েছে সরকার। আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁরা অনুমোদিত মেডিকেল সেন্টার বেছে নিতে পারবেন। কোনো নির্দিষ্ট মেডিকেল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ করে দেয়। এরপর দীর্ঘ বিরতি শেষে নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরুর এ ঘোষণা এলো।