উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দক্ষিণ এশিয়ায় ক্ষুধা মোকাবিলায় অগ্রগতি থমকে যাওয়ার পাশাপাশি পাকিস্তান ও আফগানিস্তানে পরিস্থিতির অবনতি হয়েছে। অর্থনৈতিক অস্থিরতা, খাদ্যপণ্যের উচ্চমূল্য, জলবায়ু পরিবর্তন এবং সশস্ত্র সংঘাতের প্রভাবে অঞ্চলটিতে খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে (গ্লোবাল হাঙ্গার ইনডেক্স—জিএইচআই) এ চিত্র উঠে এসেছে।,‘খাদ্যনিরাপত্তা ছাড়া নিরাপত্তা নেই’ প্রতিপাদ্যে প্রকাশিত প্রতিবেদনটি তৈরি করেছে ওয়েলথাঙ্গারহিলফে, রুর ইউনিভার্সিটি বোখুমের শান্তি ও সশস্ত্র সংঘাতবিষয়ক আন্তর্জাতিক আইন ইনস্টিটিউট (আইএফএইচভি) এবং সংশ্লিষ্ট অংশীদার সংস্থাগুলো।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে পাকিস্তানের ক্ষুধা সূচকের স্কোর ২৫.৫ এবং আফগানিস্তানের ২৮.৬। সূচকের শ্রেণিবিন্যাসে উভয় দেশের ক্ষুধা পরিস্থিতি ‘গুরুতর’ পর্যায়ে রয়েছে। তবে স্কোর অনুযায়ী আফগানিস্তানের পরিস্থিতি পাকিস্তানের চেয়ে খারাপ। ২০১৮ সালের তুলনায় দুই দেশেই সূচকের স্কোর বেড়েছে। https://www.globalhungerindex.org/ranking.html"
পাকিস্তানে অর্থনৈতিক অস্থিরতা ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে। ফলে নিম্ন আয়ের পরিবারের জন্য পর্যাপ্ত খাবার সংগ্রহ কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে, আফগানিস্তানে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ও বেশি তাপমাত্রা ২০২৬ সালের শস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় ক্ষুধা পরিস্থিতিকে গুরুতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০০০ সালের তুলনায় দীর্ঘমেয়াদে অগ্রগতি হলেও এর বড় অংশই ২০১৮ সালের আগের সময়ের। সাম্প্রতিক বছরগুলোতে অগ্রগতির গতি কমেছে এবং বিভিন্ন সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভারী বৃষ্টি ও বন্যায় পাকিস্তান ও বাংলাদেশের কিছু এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনিয়মিত বৃষ্টিপাত, তাপমাত্রা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার ঘটনা কৃষি উৎপাদন ও খাদ্য সরবরাহকে ঝুঁকির মুখে ফেলছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) হিসাব উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ইরানসহ দক্ষিণ এশিয়ায় প্রায় ২১ কোটি ৮০ লাখ মানুষ অপুষ্টিতে ভুগেছে। এ সংখ্যা বিশ্বজুড়ে অপুষ্টিতে আক্রান্ত মানুষের প্রায় এক-তৃতীয়াংশ।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক ক্ষুধা সূচকের স্কোর দাঁড়িয়েছে ১৮.১, যা ২০১৮ সালের ১৭.৬-এর তুলনায় বেশি। অর্থাৎ, দীর্ঘ সময় ধরে ক্ষুধা কমার যে অগ্রগতি ছিল, তা সাম্প্রতিক বছরগুলোতে বাধাগ্রস্ত হয়েছে। ২০১৮ সালের তুলনায় ৩২টি দেশে ক্ষুধা সূচকের স্কোর বেড়েছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে ২১টি দেশ ক্ষুধার নিম্ন পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য অর্জন করতে পারবে না বলে সূচকের সরকারি ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ক্ষুধা সূচক নির্ধারণে অপুষ্টি, পাঁচ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতি, বয়স ও উচ্চতার তুলনায় কম ওজন এবং শিশুমৃত্যুর হার বিবেচনা করা হয়। এসব সূচক খাদ্যপ্রাপ্তির পাশাপাশি শিশুদের পুষ্টি ও সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতিরও ধারণা দেয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র সংঘাত ও চরম আবহাওয়ার ঘটনা বিশ্বজুড়ে খাদ্যসংকট বাড়িয়ে তুলছে। জ্বালানি, পরিবহন ও সারের দাম বৃদ্ধি খাদ্য উৎপাদন এবং সরবরাহব্যবস্থার ব্যয় বাড়ায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কাও আন্তর্জাতিক খাদ্যবাজারে অনিশ্চয়তা তৈরি করছে। এর সঙ্গে খাদ্যনিরাপত্তা খাতে আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় বিভিন্ন সহায়তা কর্মসূচি ও জরুরি খাদ্য বিতরণ কার্যক্রম চাপে পড়ছে। সংকট মোকাবিলায় মানবিক সহায়তা এবং নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের জন্য অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে প্রতিবেদনটি। বিশ্লেষণে বলা হয়েছে, ক্ষুধা মোকাবিলায় শুধু খাদ্যের উৎপাদন বাড়ানো যথেষ্ট নয়; দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতা, পুষ্টিকর খাবারে প্রবেশাধিকার, জলবায়ু সহনশীল কৃষি এবং সংঘাতপ্রবণ এলাকায় সহায়তা নিশ্চিত করাও জরুরি।