উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আশুলিয়ায় শারমিন গ্রুপের পোশাক কারখানার ভবনের আটতলা থেকে পড়ে সিনিয়র মার্চেন্ডাইজার মো. জামাল উদ্দিনের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইসমাইল হোসেন ও পরিচালক শারাফ হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নিহতের বড় ভাই ইস্কান্দার আলী খান আশুলিয়া থানায় মামলাটি করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এর আগে বুধবার দিবাগত রাতে মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে প্রতিদিনের মতো তিনি কর্মস্থলে যান। তবে প্রায় এক ঘণ্টা পর পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি কারখানা ভবনের আটতলা থেকে নিচে পড়ে গেছেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এজাহারে বাদী অভিযোগ করেন, কর্মস্থলে জামাল উদ্দিনের বিভাগে বেশ কিছুদিন ধরে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছিল। এসব ঘটনায় তিনি ভীত ও উদ্বিগ্ন ছিলেন বলে স্ত্রী সাবেকুন নাহারকে ফোনে জানিয়েছিলেন। এ ছাড়া অভিযুক্তদের অসদাচরণ ও কথিত মানসিক নির্যাতনের কারণে তিনি আত্মহত্যায় বাধ্য হয়েছেন বলে এজাহারে দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, জামাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।