উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শীতের সবজি পুরোপুরি বাজারে আসার আগেই রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। পেঁপে ও মিষ্টিকুমড়া ছাড়া ৮০ টাকার নিচে মিলছে না বেশির ভাগ সবজি। আগাম শিমের কেজি ১৬০ টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। তবে গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগি ও ডিমের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। চাল ও সয়াবিন তেলের দাম রয়েছে আগের অবস্থায়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখি ও পটোল বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বেগুন ও কাঁকরোলের কেজি ১০০ টাকা। আগাম জাতের মুলা ও ঢ্যাঁড়সও বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। তবে আগাম শিমের কেজি ১৬০ টাকা এবং টমেটো ১৮০ থেকে ২০০ টাকা। তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে ও মিষ্টিকুমড়া। প্রতি কেজি পেঁপে ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
টাউন হল বাজারের সবজি বিক্রেতা লিটন মিয়া বলেন, শীতের সবজি বাজারে আসার আগে সাধারণত দাম কিছুটা বেশি থাকে। এর সঙ্গে ট্রাকভাড়া বেড়ে যাওয়ায় সবজির দামেও প্রভাব পড়েছে।
এদিকে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। দেশি রসুনের কেজি ১৪০ টাকা এবং আমদানি করা রসুন ১৮০ টাকা। মরিচের দাম আগের সপ্তাহের মতোই রয়েছে। প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।
সবজির বাজার চড়া থাকলেও ব্রয়লার মুরগির দামে কিছুটা কমতি দেখা গেছে। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগির কেজি ৩২০ থেকে ৩৩০ টাকা। বিক্রেতাদের ভাষ্য, গরমের তীব্রতা কিছুটা কমে আসায় মুরগির উৎপাদন বেড়েছে। পাশাপাশি বাজারে সরবরাহ ভালো থাকায় দাম কমেছে। কারওয়ান বাজারের একটি দোকানের কর্মী নাহিদ মিয়া বলেন, বর্তমানে মুরগির সরবরাহ ভালো থাকায় দাম বাড়েনি।
অন্যদিকে, দুই সপ্তাহ আগে ফার্মের মুরগির ডিমের ডজন ১৬০ টাকা পর্যন্ত উঠেছিল। বর্তমানে ডজনপ্রতি ১০ থেকে ১৫ টাকা কমে ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। সাদা ডিমের ডজন ১৪০ টাকা। বিক্রেতাদের আশা, শীতের সবজি বাজারে আসতে শুরু করলে সবজির দাম আরও কমতে পারে।
রাজধানীর বাজারে চালের দামে উল্লেখযোগ্য পরিবর্তন নেই। প্রায় এক থেকে দেড় সপ্তাহ আগে বিভিন্ন ধরনের চালের কেজিতে ১ থেকে ৩ টাকা পর্যন্ত দাম বাড়ে। এখনো সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। বর্তমানে মোটা চালের কেজি ৫৫ টাকা। মাঝারি মানের আটাশ ও পাইজাম চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে। সরু চালের কেজি ৭৫ থেকে ৮০ টাকা। বিভিন্ন ধরনের নাজিরশাইল চাল মানভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৬ টাকায়। বিক্রেতারা জানান, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ট্রাকভাড়া বেড়ে যাওয়ায় চালের দামে প্রভাব পড়েছে।
অন্যদিকে, বোতলজাত সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ২১০ টাকায়। দুই লিটারের বোতলের দাম ৪১০ টাকা।
সব মিলিয়ে, রাজধানীর বাজারে সবজির চড়া দাম ক্রেতাদের ভোগান্তি বাড়িয়েছে। শীতের সবজির সরবরাহ বাড়লে দাম কমবে—এমন প্রত্যাশা থাকলেও আপাতত বাজারে স্বস্তির অপেক্ষায় ক্রেতারা।