উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও মুন্সীগঞ্জ-৩ আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হাইকে নিজ গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তিন দফা জানাজা শেষে মুক্তারপুরের বাগবাড়ী সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ মুন্সীগঞ্জে নিয়ে আসা হলে রাত ৯টার দিকে শহরের সুপারমার্কেট এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মিরেশ্বরাইয়ে তৃতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক এলাকার বাগবাড়ী সামাজিক কবরস্থানে সমাহিত করা হয়।
প্রবীণ এই রাজনীতিবিদকে শেষ বিদায় জানাতে জানাজাস্থলে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। তাঁর মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। এ সময় তাঁরা আব্দুল হাইয়ের রাজনৈতিক কর্মকাণ্ড ও অবদানের কথা স্মরণ করেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মরহুমের পরিবারের সদস্য, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল হাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
আব্দুল হাই সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুন্সীগঞ্জ-৩ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি দীর্ঘদিন জাতীয় রাজনীতি ও স্থানীয় রাজনীতিতে ভূমিকা রাখেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।