উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাহেব আলী (৪০) হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. রনিকে (৩২) গ্রেপ্তার করেছে এসআরবি-১১ ও এসআরবি-৮-এর যৌথ দল। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর বিকেল পৌনে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনির ইত্তেহাদ টাওয়ারের সামনে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সাহেব আলীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কের পাশের একটি খালে পড়ে গেলে সেখানেও তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তের দাবি
এসআরবির দাবি, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সাহেব আলীকে লক্ষ্য করে রনিকে গুলি চালাতে দেখা যায়। গোয়েন্দা তথ্য ও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে যৌথ দল অভিযান চালায়।
সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন বলে দাবি করা হয়েছে।
বাসা থেকে পিস্তল ও গুলি উদ্ধার
এসআরবির ভাষ্য অনুযায়ী, রনির দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনিতে তাঁর বাসায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্রটি সাহেব আলী হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল বলে দাবি করেছে সংস্থাটি।
গ্রেপ্তার রনিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে, গত ১৩ অক্টোবর একই মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। এ মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।