উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামায়াত-শিবিরের রাজনৈতিক প্রভাব যত বাড়বে, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনাও তত জোরালো হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে ‘জুলাই-পরবর্তী রাজনীতির আজব দশা’ শিরোনামে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই নাগরিক সমাজের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে জামায়াত-শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার প্রবণতা তিনি দেখেছেন। তাঁর দাবি, ক্ষমতার আকাঙ্ক্ষা এবং সংস্কারের নামে বিএনপির বিরোধিতা করতে গিয়ে অনেকে জামায়াত-শিবিরের রাজনৈতিক বলয়ে যুক্ত হওয়ার চেষ্টা করেছেন। তাঁদের কেউ কেউ সেই অবস্থান থেকে বেরিয়ে আসতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণার সমালোচনা করে মাহফুজ আলম বলেন, ডিজিটাল মাধ্যমে সংগঠিত চাপের কারণে অনেককে ডানপন্থা থেকে উগ্র ডানপন্থার দিকে ঝুঁকতে দেখা যাচ্ছে। তাঁর অভিযোগ, এসব তৎপরতার মধ্যে পরিকল্পিত প্রচার ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার কৌশল রয়েছে।
তিনি আরও মন্তব্য করেন, দেশ উগ্র ডানপন্থার দিকে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধারার ডানপন্থি শক্তির সম্মিলিত তৎপরতা এ প্রবণতাকে জোরালো করছে।
মাহফুজ আলমের ভাষ্য, সংস্কারের নামে বিএনপির বিরোধিতা করতে গিয়ে জামায়াত-শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার রাজনৈতিক পরিণতি নাগরিক সমাজের একটি অংশকে ভোগ করতে হতে পারে। একইভাবে জামায়াত-শিবিরকে সহযোগিতা করার কারণে ঐতিহ্যবাহী আলেম সমাজকেও রাজনৈতিক মূল্য দিতে হতে পারে বলে তিনি মনে করেন।
স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, জামায়াত-শিবিরের রাজনৈতিক প্রভাব বৃদ্ধির সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনাও বাড়তে পারে। ভবিষ্যতে বিএনপির একটি অংশ জামায়াত-শিবিরের রাজনৈতিক বলয়ে এবং অন্য অংশ আওয়ামী লীগের বলয়ে অবস্থান নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মাহফুজ আলমের এসব বক্তব্য জুলাই-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ ও বিভিন্ন রাজনৈতিক শক্তির পারস্পরিক সম্পর্ক নিয়ে তাঁর ব্যক্তিগত মূল্যায়ন।