উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজারের উখিয়ার ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নাসরিন আক্তার মুক্তা (২৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী এবং ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে’ এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের সময় একটি কক্ষে আটকা পড়ে নাসরিনের মৃত্যু হয়।
নাসরিনের স্বামী দেওয়ান ফয়সাল জানান, তাঁর স্ত্রী ও সঙ্গে যাওয়া বান্ধবীরা ছোটবেলার বন্ধু। তাঁরা একসঙ্গে পড়াশোনা করেছেন। গত বৃহস্পতিবার তাঁরা বেড়াতে কক্সবাজারে যান। রোববার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। তবে তার আগেই না ফেরার দেশে চলে যান নাসরিন।
স্ত্রীর মরদেহ আনতে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানান ফয়সাল।
ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি বাদল হোসেন জানান, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে ফয়সালের স্ত্রীসহ তিন বান্ধবী অবস্থান করছিলেন। সকালে নাসরিনের দুই বান্ধবী কিছুক্ষণ আগে কক্ষ থেকে বেরিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান। তবে কক্ষে থাকা নাসরিন আগুনের মধ্যে আটকা পড়ে মারা যান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।