উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের হিসাব সহকারী (চলতি দায়িত্ব) মো. দিলোয়ার হোসেনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফাউন্ডেশনের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
দিলোয়ার হোসেনের অভিযোগ, গত শুক্রবার (১৬ অক্টোবর) রাতে সোনারগাঁয়ের পানাম নগরীর কাছে পানাম লেক সিটির সড়কে পাঁচ থেকে সাতজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। একপর্যায়ে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পরদিন শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন দিলোয়ার হোসেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
হামলার পেছনে ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তা জড়িত থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেছেন দিলোয়ার হোসেন। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণের কথা উল্লেখ করেননি তিনি।
এ ঘটনায় হামলাকারীদের পরিচয় ও হামলার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করা গেলে ঘটনার বিস্তারিত জানা যেতে পারে।