উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
শনিবার (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জ নগরীর ঐতিহ্যবাহী আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ একটি প্রাচীন বন্দরনগরী। একসময় পাটশিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে এ শহরের পরিচিতি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জের ঐতিহাসিক ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের সংস্কৃতিও অক্ষুণ্ন রাখতে হবে।
তিনি বলেন, “নারায়ণগঞ্জের সেই ঐতিহ্য নারায়ণগঞ্জবাসী বজায় রাখবে। নারায়ণগঞ্জে সব ধর্মের মানুষ শান্তি-শৃঙ্খলার সঙ্গে বসবাস করার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আমরা বজায় রাখব। আসুন, আজকের এই আনন্দের দিনে আমরা সেই শপথ গ্রহণ করি।”
দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরে ড. আবদুল মঈন খান বলেন, পূজা কেবল আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্য দিয়ে সত্য প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা নিতে হবে।
তিনি আরও বলেন, পৃথিবীতে সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায়ের দ্বন্দ্ব চিরন্তন। দুর্গাপূজার শিক্ষা হলো অন্যায়কে পরাজিত করে ন্যায় প্রতিষ্ঠা এবং শুভশক্তির বিজয় নিশ্চিত করা। এই মূল্যবোধ ধারণ করতে পারলেই পূজা উদ্যাপন সার্থক হবে।
দেবী দুর্গার বিভিন্ন নাম ও প্রতীকের তাৎপর্য ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, মহিষাসুরমর্দিনী নামের মধ্য দিয়ে অন্যায় ও অশুভ শক্তিকে দমন করার বার্তা পাওয়া যায়। একইভাবে দেবীর দশভুজার প্রতীকী তাৎপর্যও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেয়।
মন্ত্রী বলেন, “আমরা এখানে এসেছি বক্তৃতা দেওয়ার জন্য নয়, আনন্দ-উৎসব করার জন্য।” তবে উৎসবের আনন্দের পাশাপাশি এর অন্তর্নিহিত শিক্ষা অনুধাবন করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি জানান, গত বছরও দুর্গাপূজার শুরুর দিনে তিনি আমলাপাড়া পূজামণ্ডপে এসেছিলেন। এবারও সেই ধারাবাহিকতায় পূজামণ্ডপ পরিদর্শনে এসেছেন। চাঁদের অবস্থান ও গণনার কারণে এবার পূজার আনন্দ-উৎসবের জন্য এক দিন বেশি পাওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা এবং সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাতসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।