উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গত ১৩ অক্টোবর মাছরাঙা টেলিভিশনের যাচাইকৃত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরীমণি ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে নিয়ে এআই দিয়ে তৈরি বিকৃত ভিডিও প্রকাশিত হয়। পরে প্রতিষ্ঠানটি জানায়, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার কথাও জানায় কর্তৃপক্ষ।
তবে প্রতিষ্ঠানের দুঃখ প্রকাশে সন্তুষ্ট নন পরীমণি। গত ১৬ অক্টোবর রাতে ফেসবুক লাইভে এসে এ ঘটনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আলোচনা ও সমালোচনারও জবাব দেন অভিনেত্রী। পরদিন সকালে নিজের ফেসবুক পেজ থেকে লাইভটি সরিয়ে দিয়ে ‘উপস সরি’ লিখে পোস্ট করেন তিনি।
১৭ অক্টোবর দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে মাছরাঙা টেলিভিশনের দুঃখ প্রকাশের প্রতিক্রিয়ায় পরীমণি জানান, ওই ফটোকার্ড তাঁর কোনো কাজে আসছে না। তাঁর দাবি, ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে স্বাভাবিকভাবে পোস্ট করতেও সমস্যায় পড়ছেন তিনি। এমনকি সন্তানদের ছবি প্রকাশ করলেও হাজারো নেতিবাচক মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ করেন এই অভিনেত্রী।
নিজের হতাশা প্রকাশ করে পরীমণি লেখেন, ‘আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কী বাকি থাকল আর।’
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের কবে আইনের আওতায় আনা হবে, সেই প্রশ্নও তোলেন তিনি। ক্ষোভ প্রকাশ করে পরীমণির মন্তব্য, ‘আমার কাছে অপরাধী তো এখন আপনারাই।’
এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় পরীমণির ক্ষোভের মধ্য দিয়ে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে ভিডিও তৈরির সঙ্গে কারা জড়িত এবং তাদের শনাক্ত করতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।