উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ দিল্লির একটি আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে ৫০ হাজার রুপির মুচলেকা দেওয়ার পর তাঁকে মুক্তি দেওয়া হয়।
এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ পদযাত্রায় যোগ দিতে যাওয়ার পথে তাঁকে আটক করে পুলিশ। পরে শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
আদালতের শর্ত অনুযায়ী, শান্তিশৃঙ্খলা ভঙ্গ করবেন না বলে প্রতিশ্রুতি দেন অভিজিৎ দীপ। শুনানি শেষে তিনি দিল্লির মন্দির মার্গ থানা থেকে বেরিয়ে আসেন।
এদিকে, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাও শুক্রবার আটক হয়েছিলেন। দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার ভোরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
তবে সিজেপির আরও দুই নেতা আশুতোষ রঙ্কা ও সৌরভ দাস এখনো যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। গত সপ্তাহে যন্তর মন্তরে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কনট প্লেসে পদযাত্রা শুরুর আগেই নেহা বোরা ও অভিজিৎ দীপকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়। ওই কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা ছিল। পুলিশের বাধা সত্ত্বেও শিক্ষার্থী ও অন্যান্য আন্দোলনকারী পতাকা হাতে ছোট ছোট পদযাত্রা বের করেন।
নেহা বোরাকে দিল্লি পুলিশ আইনের অধীনে আটকের আনুষ্ঠানিকতা শেষে মুক্তি দেওয়া হয়। অন্যদিকে, অভিজিৎ দীপের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় শান্তি ভঙ্গের অভিযোগে মামলা করা হয় এবং তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে গত ১০ অক্টোবর দিল্লি বিমানবন্দরে বিমানের ভেতর থেকেও অভিজিৎ দীপকে আটক করা হয়েছিল। সে সময়ও শান্তি ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। পরে এক বছরের জন্য শান্তিশৃঙ্খলা বজায় রাখার মুচলেকায় স্বাক্ষর করে তিনি মুক্তি পান।