উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় মেয়েকে বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে দিতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়েছেন দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু। এ সময় ছুরি ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তাঁর মেয়ের মোবাইল ফোন, কানের দুল এবং তাঁর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে আমলাপাড়ার আসনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে বলে জানান আরিফ আলম দিপু।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, সকাল ৬টা ২০ মিনিটের দিকে মেয়েকে ব্র্যাক ইউনিভার্সিটির বাসে তুলে দিতে গেলে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাঁদের পথ আটকায়। এ সময় ছুরি দেখিয়ে তাঁর মেয়ের মোবাইল ফোন ও কানের দুল এবং তাঁর কাছে থাকা নগদ টাকা নিয়ে যায় তারা।
আরিফ আলম দিপুর ভাষ্য অনুযায়ী, ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা নিয়ে যায়। তাঁদের একজনের হাতে বড় ছোরা ছিল এবং অন্য একজনের কাছে সম্ভবত পিস্তল ছিল। নিজের মোবাইল ফোন সঙ্গে না থাকায় সেটি খোয়া যায়নি বলেও জানান তিনি।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, আকস্মিক এ ঘটনায় তিনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। সঙ্গে মেয়ে থাকায় তাঁর নিরাপত্তা নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন। ফলে ছিনতাইকারীদের ভালোভাবে পর্যবেক্ষণ করার মতো পরিস্থিতি ছিল না।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, সকালে ঘটনাটি জানার পর থেকেই পুলিশ কাজ করছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এসআরবিও বিষয়টি নিয়ে কাজ করছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন ওসি।
ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।